IRAN PROTEST: ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা
একাধিক ইস্যুতে উত্তাল ইরান (IRAN PROTEST)। এই পরিস্থিতিতে ভারতীয়দের যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার পরামর্শ দিয়েছিল বিদেশ মন্ত্রক। সেই অনুযায়ী শনিবার সকালে ইরান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করল বিমান।
এদিকে দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইরানে থাকা ভারতীয় ছাত্র, পর্যটক ও কর্মীরা। আত্মীয়দের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন অনেকেই।
এক এমবিবিএস ছাত্রী জানান, বিক্ষোভের কথা শুনলেও তিনি সরাসরি কোনও অশান্তি দেখেননি। তবে ইন্টারনেট পরিষেবা (Internet) পুরোপুরি বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তেহরান থেকে ফিরেছেন জম্মু-কাশ্মীরের প্রায় ৬০ জন পড়ুয়া। বর্তমানে ইরানে ১০ হাজারের বেশি ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। এ বার তাঁদের দেশে ফিরিয়ে আনতে শুরু করল কেন্দ্রীয় সরকার।
দেশের ফিরে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকরা। তারা জানিয়েছেন, ইরানে ভারতের দূতাবাস প্রথম থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছে। তাঁদেরকে ইরান থেকে বের নিয়ে আসার বিষয়ে সবরকম সাহায্য করেছে দূতাবাসের কর্মীরা।
২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়েছে ইরানে। মূল্যস্ফীতি, আর্থিক সংকটের প্রতিবাদে পথে নেমে এসেছেন সাধারণ মানুষ। কিন্তু ধীরে ধীরে বিক্ষোভ ক্রমশ সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়।












