late Ayatollah Khamenei: পিছিয়ে গেল খামেনির তিন দিনের বিদায় অনুষ্ঠান
আমেরিকা এবং ইরানের যৌথ অভিযানে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির (late Ayatollah Khamenei) তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানবুধবার (৪ মার্চ) শুরু হবে বলে জানিয়েছে ছিল দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ। যদিও পরবর্তীতে সেটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলি খামেনি গত শনিবার ইসরাইল এবং আমেরিকার বিমান হামলায় নিহত হন। ইসলামিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশনের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানিয়েছিল, বুধবার রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে এই শহীদ নেতার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন শোকসন্তপ্ত লোকজন। তবে সংগত কিছু কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
৮৬ বছর বয়সী আলী খামেনিকে তার জন্মস্থান ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে সমাহিত করার কথা রয়েছে। এদিকে ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) খামেনির ছেলে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
অপরদিকে ইরানের পরবর্তী উত্তসূরি সবাইকে হত্যার হুমকি দিয়েছে ইসরাইল। যিনিই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
বুধবার এক বিবৃতিতে তিনি ইরানকে হুমকি দিয়ে বলেন, খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যে কোনও নেতাকেই তারা হত্যা করবেন।
সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কাৎজ বলেন, ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠী কর্তৃক ইসরাইলের ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যাওয়ার জন্য, আমেরিকা, মুক্ত বিশ্ব এবং এই অঞ্চলের দেশগুলোকে হুমকি দেওয়ার জন্য এবং ইরানি জনগণকে দমন করার জন্য নির্বাচিত যেকোনও নেতাকে হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। তার নাম যাই হোক না কেন বা তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন পরিণতি একই হবে।












