LPG Price Hike 8June: ভারতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, বিশ্বের তুলনায় দাম নিয়ে কী জানাল কেন্দ্র?
LPG Price Hike India: এলপিজি-র সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারের প্রভাব নিয়ে সরকারের ব্যাখ্যা
LPG Price Hike 8June- ৩ মাসে দু’বার। রুদ্ধশ্বাস গতিতে বাড়ছে রান্নার গ্যাসের দাম। সম্প্রতি সিলিন্ডার প্রতি ২৯ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। যার ফলে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। এই আবহে মুখ খুলল কেন্দ্র। দাবি, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে রান্নার গ্যাসের দাম এখনও অনেকটাই কম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনা করলে ভারতের সাধারণ মানুষ এখনও ন্যূনতম মূল্যেই গ্যাস পাচ্ছেন (LPG Price Hike 8June)।
বলা বাহুল্য, বর্তমানে ভারতের এলপিজি (LPG) আমদানি মূল্য সউদি কনট্র্যাক্ট প্রাইসের ওপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে গত ফেব্রুয়ারি মাস থেকে দাম প্রায় ৪৬ শতাংশ বেড়েছে। নেপথ্যে পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং হরমুজ প্রণালীতে জ্বালানিবাহী জাহাজ চলাচলের সমস্যা। তা সত্ত্বেও ভারত তার নাগরিকদের সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে।
কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আমেরিকা, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত অর্থনীতিতেও রান্নার গ্যাসের দাম ভারতের তুলনায় বেশি। ইরান-আমেরিকা-ইসরাইল সংকটের সময়েও ভারতে গ্যাসের জোগানে কোনো ঘাটতি তৈরি হয়নি। সংকট মোকাবিলায় দেশীয় উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়েছিল সরকার। যার ফলে গত অর্থবর্ষে দেশীয় বাজারে এলপিজি বিক্রি ৪১,৩৩৮ কোটি টাকা থেকে বেড়ে ৬০,০০০ কোটি টাকায় পৌঁছেছে।
গত ১ জুন কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বেড়ে ৩২৫৫ টাকা ৫০ পয়সা হয়েছে। এর পাঁচ দিন পরেই ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে নয়াদিল্লিতে রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা এবং কলকাতায় ৯৬৮ টাকা। এছাড়া ৫ কেজি ও ১০ কেজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বৃদ্ধি করা হয়েছে।












