Bangladesh election 2026: বিএনপি ভোট পেয়েছে ৫০%, জামায়াত ৩২%, এনসিপি ৩%

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৪৬
Election

ওপার বাংলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ (Bangladesh election 2026) আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির তারেক রহমান। সব ঠিক থাকলে আগামী ১৭ ফেব্রুয়ারি শপথ নেবেন তিনি। উক্ত নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে? সেই নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। এবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।

জানা গেছে, সরকার গঠনের পথে থাকা বিএনপি দেশটির ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে (Bangladesh election 2026)। দ্বিতীয় অবস্থানে থেকে প্রধান বিরোধীদল হিসেবে নির্বাচিত জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। আর দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা পেয়েছেন ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। তবে সাতটি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের ঘরে গেছে ৫ দশমিক ৭৯ শতাংশের সমর্থন।
রবিবার নির্বাচন কমিশন (ইসি) দলগত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের এই তথ্য প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তিনদিন পর এই তথ্য প্রকাশ করলো সংস্থাটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগামী মঙ্গলবার  বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছে।

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চিন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়। আমন্ত্রিত দেশের তালিকায় আরও রয়েছে সউদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

Scroll to Top