Khaleda zia: খালেদা জিয়ার ইন্তেকাল
সুমিত দে, বাংলাদেশ ঢাকা: ইন্তেকাল করলেন (Khaleda zia) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০। শেষ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। দীর্ঘ রোগভোগের পর মৃত্যু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। মঙ্গলবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
দীর্ঘদিন ধরেই নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া। গত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। রাজধানী ঢাকার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁকে ভর্তি রাখা হয়েছিল। বিএনপি সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ফজরের নামাজের পরই তাঁর মৃত্যু হয়।
খালেদা জিয়ার কিডনি সংক্রান্ত সমস্যা ছিল বহুদিনের। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষার পর জানা যায়, তাঁর ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া হয়েছে। বয়সজনিত কারণে একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় চিকিৎসা আরও কঠিন হয়ে উঠেছিল। কিডনির কার্যক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। পরিস্থিতির অবনতিতে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং নিয়মিত ডায়ালিসিস চলছিল।
সোমবারই চিকিৎসকদের মেডিক্যাল বোর্ড জানিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। সোমবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে যান তাঁর পুত্র তারেক রহমান। এর আগে বিএনপি কার্যালয়ের সামনে থেকে দেশবাসীর কাছে মায়ের আরোগ্য কামনায় দোয়ার আবেদন জানান তিনি।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে রাজনৈতিক পরিচিতি পেলেও, স্বামীর মৃত্যুর পর নিজ দক্ষতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সংগঠিত করে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান করে নেন খালেদা জিয়া। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
দু’দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি—১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। তাঁর সরকারের আমলে নারীশিক্ষা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়। তবে একই সঙ্গে তাঁর শাসনামলে দুর্নীতির অভিযোগও ওঠে। ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
চলতি বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করা সম্ভব হয়নি।












