WBCHSE Secretary Removal 2026: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীকে
WBCHSE Secretary Removal 2026- পশ্চিমবঙ্গের শিক্ষা প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হলো ডঃ প্রিয়দর্শিনী মল্লিককে। বৃহস্পতিবার বিকাশ ভবনের স্কুল শিক্ষা দফতর থেকে একটি নির্দেশিকা জারি করে তাঁকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রিয়দর্শিনী রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা (WBCHSE Secretary Removal 2026)।
বিকাশ ভবনের কড়া নির্দেশিকা
রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের গত ১১ মে-র প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত নির্দেশিকাকে হাতিয়ার করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিকাশ ভবনের চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রিয়দর্শিনী মল্লিককে সংসদের সচিব পদ থেকে ‘রিলিজ’ দেওয়া হচ্ছে এবং এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক চর্চা শুরু হলেও সরকারি স্তরে একে প্রশাসনিক সংস্কার হিসেবেই দেখা হচ্ছে।
পুরোনো পেশায় প্রত্যাবর্তন: গন্তব্য আশুতোষ কলেজ
সংসদ সচিবের পদ খোয়ানোর পর প্রিয়দর্শিনী মল্লিককে তাঁর ‘মাদার পোস্টিং’ (Mother Posting) বা আদি কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি কলকাতার বিখ্যাত আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পুনরায় যোগ দেবেন। সংসদীয় উচ্চপদে আসার আগে তিনি এই শিক্ষকতা পেশার সঙ্গেই যুক্ত ছিলেন। রাজ্যপালের আদেশক্রমে জারি হওয়া এই চিঠির প্রতিলিপি ইতিমধেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, স্কুল শিক্ষা কমিশনার (School Education Commissioner) এবং আশুতোষ কলেজের অধ্যক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পরবর্তী সচিব কে? জল্পনা তুঙ্গে
প্রাক্তন মন্ত্রীর কন্যার এই অপসারণের পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ সচিব পদে নতুন কার অভিষেক হতে চলেছে, তা নিয়ে শিক্ষা মহলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশাসনিক পুনর্গঠনের দোহাই দেওয়া হলেও, সময়কাল এবং প্রেক্ষাপট বিবেচনা করে এই রদবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রিয়দর্শিনীর বিদায়ের পর সংসদের দৈনন্দিন কাজকর্ম সামলানোর জন্য দ্রুত নতুন নাম ঘোষণা করতে পারে শিক্ষা দফতর।












