Dev on Tollywood 30May: আগের সরকারের শাসনে টলিউডে যে যন্ত্রণা সয়েছি, তা আর হবে না, নতুন সরকার নিয়ে আশাবাদী দেব
তৃণমূল জমানার ‘নিষিদ্ধ সংস্কৃতি’ থেকে বেরিয়ে টলিউডে নতুন দিনের স্বপ্ন দেখছেন সুপারস্টার দেব, বিজেপি সরকারের কাছে রাখলেন বড় প্রত্যাশা
Dev on Tollywood 30May- রাজনীতির মাঠে বরাবরই সৌজন্যের প্রতীক অভিনেতা দেব । শুধু তাই নয়, ক্ষমতায় থাকা সত্ত্বেও বিরোধীদের কুৎসিত বাক্যে অপমান করতে দেখা যায় নি। তৃণমূলের সাংসদ হওয়া সত্ত্বেও তিনি কখনোই রাজনৈতিক বিভেদকে সিনেমার সেটে টেনে আনেননি। রূপা গঙ্গোপাধ্যায় কিংবা মিঠুন চক্রবর্তীর মতো বিজেপি সমর্থক তারকাদের নিজের ছবিতে সুযোগ দিয়ে তিনি সবসময়ই সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে থেকেছেন। ফলস্বরূপ কম বিপাকে পড়তে হয়নি তাঁকে। তবে রাজ্যের সরকার পরিবর্তনের পর এবার টলিউডে স্বস্তির হাওয়া অনুভব করছেন এই সুপারস্টার (Dev on Tollywood 30May)।
শুক্রবার ‘ফেরা’ সিনেমার প্রিমিয়ারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। নতুন সরকারকে সময় দেওয়ার পক্ষে সওয়াল করে তিনি বলেন, সরকার চালানো সহজ কাজ নয়। তাই কোনও রেজাল্ট দেখার জন্য অন্তত এক বছর সময় দেওয়া উচিত। দেবের মতে, নতুন মন্ত্রীসভা তৈরি হচ্ছে এবং তারা সব দিক দিয়েই ভালো কাজ করবে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি তিনি করেছেন টলিউড প্রসঙ্গে। তৃণমূল জমানার তিক্ত অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে দেব স্পষ্ট বলেন, আগের সরকারের আমলে আমি যেভাবে ভুগেছি, আশা করছি নতুন সরকারের আমলে টলিউডে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না। ইন্ডাস্ট্রিতে যাতে কোনও শিল্পী বা কলাকুশলীকে নিষিদ্ধ হতে না হয় এবং সবাই সুষ্ঠুভাবে কাজ করতে পারে, সেই আর্জিই তিনি নতুন সরকারের কাছে রেখেছেন।
মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করা নিয়েও অভিনেতা ইতিবাচক। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য শুভেন্দু অধিকারীর সক্রিয়তাকে তিনি স্বাগত জানিয়েছেন। ১২ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে দেব দেখিয়েছেন কীভাবে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠেও রাজনীতি করা যায়। প্রচারে কোনোদিন বিরোধী পক্ষকে আক্রমণ করেননি তিনি। এখন দেখার, তার আশা অনুযায়ী টলিউডে নতুন দিনের সূচনা সত্যিই হয় কি না।












