IPAC কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি হানা, প্রতিবাদে রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী

ভারত - প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬, রাত ৮:১৪
IMG 20251230 WA00121

সুমিত দে,কলকাতা: আইপ্যাক (IPAC)-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে শুক্রবার রাস্তায় নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে এই প্রতিবাদ মিছিল শেষ হবে হাজরা মোড়ে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, ইডির এই অভিযানের প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকে ব্লকে মিছিল শুরু হয়েছে। তাঁর অভিযোগ, যেভাবে ইডিকে ব্যবহার করে বিজেপি ডাকাতি চালাচ্ছে, তার প্রতিবাদেই আজ বিকেল থেকেই আমাদের কর্মীরা পথে নামছেন।

এদিন সল্টলেকের সেক্টর ফাইভে IPAC – এর অফিসের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দলের পরবর্তী আন্দোলনের রূপরেখা স্পষ্ট করেন। তিনি অভিযোগ করেন, তল্লাশির নামে ইডিকে ব্যবহার করে বিজেপি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নির্বাচনী নথি ‘চুরি’ করেছে। এই ঘটনাকে সরাসরি গণতন্ত্রের উপর আঘাত বলে উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল কংগ্রেসের উপর বিজেপির এই আক্রমণ, এই লুট ও ডাকাতির বিরুদ্ধে আমরা মিছিল করব। ভোটের আগে মনে পড়ে ভোটবন্দি, নোটবন্দির মতো ঘটনা। এজেন্সিগুলো সারাক্ষণ হামলা চালাচ্ছে—লুট করছে, আর মিথ্যে বলছে। এর বিরুদ্ধেই আগামীকাল দুপুর দু’টোর সময় যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে জমায়েত হবে। সেখান থেকেই মিছিল শুরু হবে।”

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, এই প্রতিবাদ কর্মসূচিতে দলের শীর্ষ নেতৃত্ব, সাংসদ, বিধায়ক ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেবেন। নির্বাচন প্রাক্কালে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে রাজ্য রাজনীতিতে এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Scroll to Top