Kolkata police: শুরু হল কলকাতা পুলিশের ২০২৫- এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
আলিপুরের বডিগার্ড লাইন্সে আজ উৎসবমুখর পরিবেশে সূচনা হল কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া (kolkata police sports) প্রতিযোগিতা ২০২৫। এই নিয়ে লিখেছেন সাংবাদিক সুমিত দে

মহাসমারোহে সূচনা হল কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা, আইপিএস, সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
এই প্রতিযোগিতায় কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের পাশাপাশি শহরের একাধিক সরকারি বিদ্যালয়ের পড়ুয়ারাও অংশগ্রহণ করে। ফলে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক অন্তর্ভুক্তির একটি ইতিবাচক বার্তা উঠে আসে।
উদ্বোধনী পর্বে পুলিশ কমিশনার ক্রীড়াচর্চার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক দৃঢ়তা গঠনের গুরুত্বের কথা তুলে ধরেন। পাশাপাশি, দলগত চেতনা ও নিয়মানুবর্তিতার বিকাশে এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।
দিনভর নানা ক্রীড়া ইভেন্ট, শৃঙ্খলাবদ্ধ মার্চপাস্ট ও অংশগ্রহণকারীদের উদ্দীপনায় প্রাণবন্ত হয়ে ওঠে বডিগার্ড লাইন্স প্রাঙ্গণ। কলকাতা পুলিশের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কর্মীদের মধ্যে সৌহার্দ্য, স্বাস্থ্য সচেতনতা ও ক্রীড়ানুরাগী মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে বলেই মত সংশ্লিষ্ট মহলে।












