Mecca and Medina: ১ মাসে ৭ কোটি ৮৮ লক্ষ মুসল্লি কাবা শরিফ ও মদিনায়
চলতি হিজরি বছরের রজব মাসে দুই পবিত্র নগরী (Mecca and Medina) মক্কা ও মদিনায় কমপক্ষে ৭ কোটি ৮৮ লক্ষ ৪৩ হাজার ৪২৫ জন মুসল্লি ও ওমরাহ পালনকারী সমবেত হয়েছেন।
মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধায়ক জেনারেল অথরিটি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১৪৪৭ হিজরির রজব মাসে দুই পবিত্র মসজিদে মোট প্রবেশকারীর সংখ্যা ছিল ৭ কোটি ৮৮ লক্ষ ৪৩ হাজার ৪২৫ জন। উক্ত সময়ের মধ্যে প্রায় ১ কোটি ৪৯ লক্ষ মানুষ ওমরাহ পালন করেছেন। শুধু মক্কার মসজিদুল হারামেই মাসজুড়ে ইবাদত করেছেন প্রায় ৩ কোটি ৫০ লাখ মুসল্লি। এ ছাড়া কাবা শরিফসংলগ্ন ঐতিহাসিক ও বিশেষ মর্যাদাসম্পন্ন হিজরে ইসমাইল এলাকায় নামাজ আদায় করেছেন ৫৪ হাজারের বেশি মানুষ।
অন্যদিকে, মদিনায় (Mecca and Medina) অবস্থিত মসজিদে নববীতে ইবাদত করেছেন প্রায় ২ কোটি ৫১ লক্ষ মুসল্লি। একই সময়ে রিয়াজুল জান্নাহতে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন প্রায় ১২ লক্ষ ৯০ হাজার মানুষ। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তার দুই সাহাবির রওজায় সালাম পেশ করেছেন আরও প্রায় ২৫ লক্ষ ৯০ হাজার জিয়ারতকারী।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিসংখ্যান নির্ধারণ করা হয়েছে ‘থ্রুপুট’ পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতিতে মসজিদ ও আশপাশের বিভিন্ন ইবাদত ও জিয়ারতকেন্দ্রে মোট প্রবেশ সংখ্যা হিসাব করা হয়। যার মাধ্যমে সার্বিক দর্শনার্থী প্রবাহের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়।
পরিসংখ্যানে আরও দেখা গেছে, আন্তর্জাতিক ওমরাহ যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু রজব মাসেই সউদি আরবের বাইরে থেকে আগত ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ২০ লক্ষের বেশি। এসব যাত্রী বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ছাড়াও অন্যান্য অঞ্চল থেকে এসেছেন।
ICC rejects accreditation: বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল আইসিসির
সউদি কর্তৃপক্ষের মতে, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সমন্বিত যাতায়াত ও ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর ফলে বিদেশি মুসল্লিদের আগমন বেড়েছে। এর ফলে ওমরাহ পালন যেমন সহজ হয়েছে, তেমনি পবিত্র নগরীগুলোতে চলাচল ও অবস্থান ব্যবস্থাও আগের তুলনায় আরও সুশৃঙ্খল হয়েছে।












