Noor Ahmad Noor: দিল্লি-আফগান দূতাবাসের দায়িত্বে তালেবানের নূর 

আন্তর্জাতিক - প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, সকাল ১১:৫৮
202601103633258

নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তালেবানের জ্যেষ্ঠ নেতা (Noor Ahmad Noor) মুফতি নূর আহমেদ নূর। ‘Charge d’Affaires’ হিসেবে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর তালেবান প্রতিনিধির নিয়োগে সবুজ সংকেত দেয় ভারত সরকার। তারপরেই চার্জ দ্যা অ্যাফেয়ার্স পদের দায়িত্ব নিয়েছেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) এই কূটনৈতিক রদবদল সম্পন্ন হয়। এর আগে এই পদে আফগানিস্তানের পুরনো জমানার প্রতিনিধি আসীন ছিলেন (Afghan Embassy in New Delhi)।

উল্লেখ্য, মুফতি নূর আহমেদ নূর (Noor Ahmad Noor) আফগান বিদেশ মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাত দিনের ভারত সফরেও তিনি সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও দিল্লির এই পদক্ষেপকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে মুম্বই ও হায়দ্রাবাদে অবস্থিত আফগান উপদূতাবাসগুলোতে তালেবান প্রতিনিধিরা কাজ শুরু করলেও নয়াদিল্লির মূল দূতাবাস নিয়ে দীর্ঘ টানাপড়েন চলছিল।

গত কয়েক মাসে তালেবানের শীর্ষ নেতাদের ঘনঘন ভারত সফর এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার প্রেক্ষাপটে এই নিয়োগের পথ প্রশস্ত হয়।

দীর্ঘ সময় পর কাবুলে নিজেদের দূতাবাস পুনরায় চালু করেছে ভারত। এবং আফগানিস্তানের মানবিক সংকটে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে আসছে।

আঞ্চলিক রাজনীতির সমীকরণে এই কূটনৈতিক ঘনিষ্ঠতা বিশেষ গুরুত্ব বহন করছে। বর্তমানে দুই দেশের মধ্যে বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং ইরানে ভারতের নির্মিত চাবাহার বন্দর ব্যবহার নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। মুফতি নূরের মতো একজন অভিজ্ঞ কূটনীতিককে নয়াদিল্লিতে নিযুক্ত করার মাধ্যমে তালেবান প্রশাসন ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল সম্পর্ক গড়ার ইঙ্গিত দিচ্ছে ।

বিদেশ মন্ত্রণালয় দেশটিকে সরাসরি স্বীকৃতি না দিলেও এই বাস্তবসম্মত বা ‘প্রাগম্যাটিক’ কূটনৈতিক অবস্থান দুই দেশের অভ্যন্তরের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের অনুকূলে কাজ করবে বলে মনে করছেন ওয়াকিফহাল মহল।

Scroll to Top