Police: ট্যাংরায় অভিযানে গিয়ে চোরের হাতে মার খেল পুলিশ!

ভারত - প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১৫

সংবাদদাতা: সুমিত দে

IMG 20251222 WA0036

চোর ধরতে গিয়ে ‘আক্রান্ত’ পুলিশ (police)। একের পর এক চুরির ঘটনার তদন্তে নেমে সোমবার ট্যাংরায় হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আধিকারিকেরা। সেই সময় অতর্কিতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পুলিশকর্মীদের উপরেও হামলা চালায় একদল স্থানীয় দুষ্কৃতীরা। ঘটনায় ছয়জন পুলিশকর্মী আহত হয়েছেন। আহতরা সকল পুলিশ কর্মীরা বিধাননগর হাসপাতালে চিকিৎসাধীন। তবে দু’জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।

বিধাননগর দক্ষিণ থানা এলাকায় একের পর এক বাড়িতে চুরির ঘটনার তদন্তে নামে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তদন্তের সূত্রেই এদিন ট্যাংরা কলোনি এলাকায় বিশেষ অভিযানে যান পুলিশ আধিকারিকরা। সেই সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই এই হামলার ঘটনা ঘটে বলে দাবি আহতদের। শুধু তাই নয়, একেবারে লাঠি, রড হাতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে বলেও জানা গিয়েছে। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। আহত হন গাড়িতে থাকা ছয় পুলিশকর্মী। দ্রুত তাঁরা এলাকা ছাড়েন। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

কে বা কারা এই হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দোষীদের খোঁজ চালানো হচ্ছে। অন্যদিকে অভিযুক্তদের আড়াল করতেই এই হামলার ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

 

পুলিশ সূত্রে অভিযোগ, উত্তেজনার মধ্যে পুলিশের কাজে বাধা দেওয়া হয় এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি সরকারি গাড়ির পিছনের অংশে ভাঙচুর চালানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিধাননগর পুলিশের দল ঘটনাস্থল ত্যাগ করে এবং অভিযানে মিরাজ, জুমরাতি ও চিকনা—এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

ঘটনায় সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা রুজুর প্রস্তুতি শুরু হয়েছে বলে বিধাননগর পুলিশের তরফ থেকে।

দুষ্কৃতীদের হাতে আক্রান্তের শিকার হয়েও নিজেদের শরীরের রক্ত ঝরিয়েও এতো ঝামেলার মধ্যেও বিধাননগর দক্ষিণ থানার পুলিশ চুরির ঘটনায় অভিযুক্ত তিন জনকে ধরে নিয়ে আসতে সক্ষম হয়। তারা অভিযুক্তদের ছেড়ে আসেনি। তবে এই ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Scroll to Top