Congress: বিজেপি শাসিত ওড়িশায় বাঙালি নিধনের অভিযোগ, খাড়্গে–রাহুলের হস্তক্ষেপ চাইল প্রদেশ কংগ্রেস
সুমিত দে, কলকাতা: বিজেপি শাসিত ওড়িশা-সহ একাধিক ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষ ও বাঙালিদের উপর খুন, নির্যাতন এবং হয়রানির অভিযোগ তুলে এবার (congress) সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।
এই বিষয়ে আন্তরিক হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

চিঠিতে শুভঙ্কর সরকার উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিশেষ করে ওড়িশায় বসবাসকারী ও কর্মরত বহু বাংলা ভাষাভাষী মানুষ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।
কোথাও তাঁদের উপর শারীরিক আক্রমণ, কোথাও ভাষা ও পরিচয়ের ভিত্তিতে হেনস্থা, এমনকি প্রাণহানির ঘটনাও সামনে আসছে বলে অভিযোগ। এই ঘটনাগুলি শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, সংবিধান প্রদত্ত নাগরিক অধিকারেরও চরম অবমাননা।

প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, দেশের যে কোনও প্রান্তে বসবাস করার অধিকার সকল নাগরিকের রয়েছে। ভাষা বা পরিচয়ের অজুহাতে কাউকে নিগ্রহ করা গণতান্ত্রিক ভারতের মূল চেতনাবিরোধী। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
এই প্রেক্ষাপটে শুভঙ্কর সরকার কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বকে অনুরোধ করেছেন, যাতে বিষয়টি সংসদ ও জাতীয় স্তরে জোরালোভাবে উত্থাপন করা হয় এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির উপর চাপ সৃষ্টি করে অবিলম্বে নির্যাতন বন্ধ ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ভিনরাজ্যে বাঙালিদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রশ্নে আগামী দিনে congress আরও সক্রিয় ভূমিকা নেবে বলেই ইঙ্গিত দিয়েছে প্রদেশ নেতৃত্ব।












