The Gangasagar Mela 2026: কপিল মুনির আশ্রমে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা
সুমিত দে,গঙ্গাসাগর: গঙ্গাসাগর (The Gangasagar Mela 2026 ) সফরে এসে পবিত্র কপিল মুনির আশ্রমে পুজো দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে আশ্রমে পৌঁছে নিয়ম মেনে পুজো-অর্চনা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন তিনি।
মকর সংক্রান্তির প্রাক্কালে গঙ্গাসাগর তীর্থে দেশের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। এই গুরুত্বপূর্ণ সময়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও পুজো অনুষ্ঠানকে ঘিরে বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন প্রশাসনিক মহল। কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার সময় মুখ্যমন্ত্রীকে ধ্যানমগ্ন অবস্থায় দেখা যায়। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় পুজো।
পুজো শেষে মুখ্যমন্ত্রী বলেন, “গঙ্গাসাগর শুধু তীর্থস্থান নয়, এটি বাংলার গর্ব। রাজ্যবাসীর শান্তি, সুস্বাস্থ্য ও উন্নতির জন্য আমি প্রার্থনা করেছি।”
তিনি আরও জানান, প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটক গঙ্গাসাগরে আসেন, তাঁদের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করা রাজ্য সরকারের প্রধান দায়িত্ব।
উল্লেখ্য, গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার বিশেষ নজরদারি ও পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করেছে। স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখছেন। কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার মাধ্যমে গঙ্গাসাগর সফরের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।












