I-PAC:এজলাসে তুমুল হট্টগোল, পিছিয়ে গেল ইডি–আইপ্যাক মামলার শুনানি
সুমিত দে, কলকাতা: আইপ্যাক (I-PAC)–এ ইডির তল্লাশি অভিযান ঘিরে দায়ের হওয়া জোড়া মামলার শুনানি শুক্রবার কলকাতা হাইকোর্টে কার্যত ভেস্তে গেল। এজলাসে তুমুল হট্টগোল ও বিশৃঙ্খলার জেরে নির্ধারিত সময়ে শুনানি শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আগামী ১৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি শুভ্রা ঘোষ। আজকের মতো মামলাগুলি মুলতুবি রাখা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তৃণমূলের নির্বাচনী নথি চুরি করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই রেইড চালানো হয়েছে। সেই অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগিয়ে তৃণমূলের তরফে হাইকোর্টে মামলা করা হয়।
পাল্টা অভিযোগে ইডি দাবি করে, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী কাজে বাধা দিয়েছেন। সেই অভিযোগে কেন্দ্রীয় এজেন্সিও আলাদা মামলা দায়ের করে। জরুরি ভিত্তিতে শুক্রবার দুপুরে এই দুই মামলার শুনানি হওয়ার কথা ছিল।
দুপুর প্রায় ২টা ৩০ নাগাদ বিচারপতি শুভ্রা ঘোষ এজলাসে প্রবেশ করতেই আইনজীবী ও ইন্টার্নদের অতিরিক্ত ভিড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলার সঙ্গে যুক্ত নন—এমন ব্যক্তিদের এজলাস ছাড়ার অনুরোধ জানান। বিচারপতি পাঁচ মিনিট সময় দিলেও ভিড় নিয়ন্ত্রণে আসেনি।
কে থাকবেন, কে বেরোবেন—এই প্রশ্নে আইনজীবীদের মধ্যেই শুরু হয় তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি। ফলে নির্ধারিত সময়ে শুনানি শুরু করা সম্ভব হয়নি। পরিস্থিতিতে বিরক্ত হয়ে বিচারপতি প্রথমে সাময়িকভাবে এজলাস ত্যাগ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় তিনি মামলার শুনানি মুলতুবি রেখে ১৪ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।
সূত্রের খবর, এই ঘটনার পরই ইডির তরফে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে ই-মেল করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। প্রয়োজনে মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ গঠনের আবেদনও করা হয়েছে বলে জানা গেছে।
I-PAC–ইডি ইস্যুতে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি এদিন আদালত চত্বরে ঘটে যাওয়া এই বিশৃঙ্খলা নতুন করে চর্চা উসকে দিল বলেই মনে করছেন আইনমহলের একাংশ।












