MESSI IN BENGAL: মেসির সঙ্গে ছবি পোস্ট করায় মিমের বন্যা, স্ত্রী শুভশ্রীর হয়ে মাঠে নামলেন স্বামী রাজ
এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। আগামী ১৪ দিন তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
চড়া দামে টিকিট কেটেও G.O.A.T MESSI – কে দেখতে না পাওয়ার আক্ষেপে শনিবার একদিকে যখন রণক্ষেত্রের রূপ ধারণ করে যুবভারতী ক্রীড়াঙ্গন! অন্যদিকে নিয়ম মেনে, সুশৃঙ্খল ভাবে মেসির সঙ্গে সাক্ষাৎ করেন এক দল তারকা সহ মেসি ভক্ত।

সেই ছবি সোস্যাল সাইটে ভাইরালও হয়। তাঁদের মধ্যেই অন্যতম ‘LADY SUPERSTAR’ তথা রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যা মোটেও ভালো চোখে দেখেনি নেটিজেনরা। টিকিট কেটেও তারকা ফুটবলারকে একঝলক দেখতে না পাওয়ায় ক্ষোভে ফেটে পরেছেন শহরবাসীর একাংশ। কারণ এদিন মাঠে মেসি এলেও তাঁকে ঘিরে থাকেন বিভিন্ন মহলের বিশিষ্টজনেরা। আর তার ফলেই একঝলকও ময়দানের হিরোকে চাক্ষুষ করার সুযোগ হয়নি ভক্তদের। আর যারা সুযোগ পেয়েছেন তাঁদের ছবি ভাইরাল হতেই আক্রমণ শানিয়েছে তারা।
এদিকে সোশাল মিডিয়ায় (social media) পোস্ট করা শুভশ্রীর সেই ছবি পোস্ট হতেই রে রে করে ওঠে একাংশ। বয়ে যায় নিন্দার ঝড়। উক্ত ছবিতে শুভশ্রীকে মেসির সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছিল । শুধু তাইই নয়, একই সঙ্গে তাঁর আপ্ত-সহায়ককেও দেখা গিয়েছিল ছবি তুলতে। যা নিয়ে সোশাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড়। ট্রোল, মিম ইত্যাদি। যা এখনও বিদ্যমান। এই আবহে স্ত্রী শুভশ্রীর জন্য সরব হলেন স্বামী ও তারকা পরিচালক রাজ চক্রবর্তী। স্যোশাল সাইটে একটি পোস্ট করে প্রথমে রাজ বলেন, গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনের অরাজকতা অনভিপ্রেত। সংশ্লিষ্ট ঘটনায় ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। বিশ্ব মঞ্চে রাজ্যের অপমান। বাঙালির আবেগ আহত হয়েছে গতকাল। এই অরাজকতার সম্মুখীন আমরা আগেও হয়েছি ইস্টবেঙ্গল – মোহনবাগান ম্যাচে। আমি অবশ্যই চাইবো দোষীরা শাস্তি পাক।

তারপরেই স্ত্রীর রক্ষাকবচ হয়ে রাজ বলেন, একজন নারী বলে ও শুধুমাত্র বিনোদুনিয়ার সঙ্গে জুড়ে রয়েছেন বলেই একজন মানুষকে আপনারা যাচ্ছেতাই বলতে পারেন না। শনিবার শুভশ্রী (Subhashree Ganguly ) ছবি পোস্ট করার পর থেকেই তাঁকে নিয়ে আপনারা লাগাতার ট্রোল করছেন। নানা রকম মিম বানাচ্ছেন। ভুলভাল কমেন্ট করছেন? কিন্তু কেন ? বহুমূল্য টিকিটের বিনিময়ে ‘হাজার হাজার মানুষ এদিন মেসিকে দেখতে এসেছিলেন । আর তারপরও যদি তাঁরা মেসিকে একঝলক দেখতে না পান সেক্ষেত্রে ক্ষোভ জন্মানোটা খুবই স্বাভাবিক। কিন্তু অনেকেই না জেনে অনেক কিছু মন্তব্য করছেন। আপনারা বলছেন একজন অভিনেত্রীর ওখানে থাকার কী দরকার? তাদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলীকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? (She’s simply a fan) একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারও ফ্যান। সব কিছুর উপর তিনি একজন মানুষ। কিন্তু এক্ষেত্রে মানবিকতার সমস্ত পরিসীমা পেরিয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙুলী-কে টার্গেট করে মিম তৈরি করছেন, ট্রোল করছন, একটা অল্টারনেট ন্যারাটিভ তৈরি করছেন রাজনৈতিক নেতারা এবং কিছু সংখ্যক মিডিয়া।
গতকাল কিন্তু মিডিয়ার অনেক মানুষ উপস্থিত ছিল মাঠে। তারা কী করছিলেন? তারাই বা আড়ালে থেকে যাচ্ছেন কেন? এদিকে পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারিরীক গঠন থেকে, তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান – পরিবার সব কিছুই সমালোচনায় বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে? বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে? যদি কোনো বলিউডের পরিচিত মুখ থাকতেন, আপনাদের ন্যারেটিভ এমনই হত? শুভশ্রী নিজেও গতকালের এই ঘটনায় আহত। ও আপনাদের মতোই মেসিকে (MESSI IN BENGAL) দেখতে গিয়েহিল।
রাজের এই পোস্টে উপচে পড়েছে নেটিজেনদের কমেন্টের ভিড়। শনিবারের মতোই ফের রাজ ও শুভশ্রীর প্রতি একপ্রস্থ ক্ষোভ উগরে দিয়েছেন তারা। ফের এই পোস্টে উঠে এসেছে হাজার হাজার টাকা খরচ করে মেসিকে না দেখতে পাওয়ার ক্ষোভ।

শনিবার শুভশ্রী ছবি পোস্ট করতেই ‘জনতার টাকায় আপনারা ফুটেজ খাচ্ছেন’, তো কেউ বা আবার শুভশ্রীকে ‘সময়জ্ঞানে’র পাঠ পড়ালেন।

প্রসঙ্গত, এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। আগামী ১৪ দিন তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।











