SIR: আঙুল নামিয়ে কথা বলুন, নির্বাচন কমিশনের মুখোমুখি দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক
SIR-এর নামে ভোটার তালিকা চুরির সরাসরি অভিযোগ
সুমিত দে,নয়াদিল্লি: নজরে ছাব্বিশ। ভোটমুখী বাংলায় SIR (Special Intensive Revision) ইস্যুতে এবার সরাসরি সংঘাতে তৃণমূল কংগ্রেস ও জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর সঙ্গে বৈঠকে গিয়ে তাঁকেই প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালেন তৃণমূলের সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, বৈঠকের একপর্যায়ে উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার আঙুল তুলে কথা বলেন। সেখানেই আর চুপ থাকেননি অভিষেক—পাল্টা কড়া ভাষায় জবাব দেন তিনি।
“আপনি মনোনীত, আমি নির্বাচিত”—সরাসরি টক্কর
বৈঠক চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন— “আপনি মনোনীত। আমি নির্বাচিত জনপ্রতিনিধি। আমি নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি মিথ্যা বললে সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। আমরা বন্ডেড লেবার বা স্লেভ নই। মাথা নত করলে মানুষের কাছেই করব, আপনাদের কাছে নয়।” এই মন্তব্যের পরই কমিশন বনাম তৃণমূল সংঘাত নতুন উচ্চতায় পৌঁছয় বলে রাজনৈতিক মহলের মত।
“ইভিএমে নয়, ভোট চুরি হচ্ছে ভোটার তালিকায়”
বৈঠক শেষে নির্বাচন সদনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক। তাঁর দাবি— “ইভিএমে নয়, ভোট চুরি হচ্ছে ভোটার তালিকায়। আর সেই চুরি হচ্ছে নির্বাচন কমিশনের অফিস থেকেই।”তিনি জানান, এক কোটি ৩৬ লক্ষ ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি। “লজিক্যাল ডিসক্রিপেন্সির পেজে চারটি ড্রপ-ডাউন রয়েছে। তার ব্যাখ্যা চেয়েছিলাম, কোনও উত্তর পাইনি।”
৫৮ লক্ষ ভোটার বাদ, তালিকা প্রকাশের দাবি
অভিষেক আরও বলেন, বাংলায় SIR-এর খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। “এই ৫৮ লক্ষের মধ্যে রোহিঙ্গা কতজন? বাংলাদেশি অনুপ্রবেশকারী কতজন? তালিকা প্রকাশ করা হোক। নাহলে গত কয়েক বছর ধরে বাংলাকে বদনাম করার জন্য নির্বাচন কমিশনের ক্ষমা চাওয়া উচিত।”
একইসঙ্গে প্রশ্ন তোলেন— কেন শুধু বাংলাতেই সিলেক্টিভভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে? “দেখে মনে হচ্ছে, উপর থেকে নির্দেশ আসছে, আর সেই নির্দেশেই কাজ চলছে।”
*থার্ড পার্টি এজেন্সি নিয়ে গুরুতর প্রশ্ন*
SIR প্রক্রিয়ায় থার্ড পার্টি এজেন্সি নিয়োগ নিয়েও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর দাবি— “আমরা জানতে চেয়েছি, কমিশন বলেছে তারা কিছু জানে না। তাহলে কমিশনের নির্দেশ ছাড়া সিইও অফিস কীভাবে থার্ড পার্টি এজেন্সি নিয়োগ করতে পারে?”তিনি ফের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়ে বলেন— “আমি যদি মিথ্যে বলি, আড়াই ঘণ্টার বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। মানুষ নিজেই ঠিক করবে কে সত্যি বলছে।”
সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত
উল্লেখ্য, এর আগেও গত ২৮ নভেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল সাংসদের প্রতিনিধি দল। সেই টিম গঠন ও নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। একাধিক বৈঠকের পরও কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষই বাড়ছে তৃণমূলের।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে বাংলায় SIR ইস্যুতে নির্বাচন কমিশন বনাম তৃণমূলের সংঘাত আরও তীব্র হতে চলেছে।












