SIR নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তীব্র আক্রমণ

ভারত - প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:২৪
IMG 20260119 WA0015

সুমিত দে,কলকাতা: বিজেপির লাগাতার বাঙালি ও বাংলা-বিরোধী রাজনীতির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। আজ SIR সংক্রান্ত মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পর কলকাতার তৃণমূল ভবন থেকে সরাসরি সাংবাদিক বৈঠক করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করল রাজ্যের শাসক দল।

এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয়া মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতৃত্ব বলেন, বিজেপি পরিকল্পিতভাবে বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

SIR প্রক্রিয়াকে ব্যবহার করে বাংলার মানুষকে হয়রানি করা হচ্ছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তোলা হয়।

মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “সুপ্রিম কোর্টের রায় আবারও প্রমাণ করল যে সংবিধান ও গণতন্ত্রের উপর বিজেপির আক্রমণ গ্রহণযোগ্য নয়। বাংলার মানুষ তাদের ভোটাধিকার নিয়ে সচেতন, এবং তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, বিজেপি বারবার বাংলার সংস্কৃতি, ভাষা ও পরিচিতিকে আঘাত করছে। কখনও NRC, কখনও CAA, আবার কখনও SIR—এই সমস্ত বিষয়ের মাধ্যমে বাংলার মানুষকে আতঙ্কিত করার চেষ্টা চলছে।

অন্যদিকে, সাংসদ পার্থ ভৌমিক বলেন, “বিজেপির লক্ষ্য একটাই—বাংলার ভোটারদের বিভ্রান্ত করা এবং নির্বাচনী ব্যবস্থাকে কব্জা করা। কিন্তু তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাজপথ—সব জায়গাতেই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।”

তিনি জানান, তৃণমূল কংগ্রেস আগামী দিনেও আইনি ও গণতান্ত্রিক পথে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে এবং বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় আপসহীন থাকবে।

সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করে জানানো হয়, বাংলার স্বার্থ, বাঙালির অধিকার এবং সংবিধান রক্ষার প্রশ্নে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই পিছিয়ে আসবে না।

Scroll to Top