West Bengal 2026: এক নজরে পশ্চিমবঙ্গ, বর্তমানের উত্তাপ ও ভবিষ্যতের রোডম্যাপ!

ভারত - প্রকাশিত: ৮ মে ২০২৬, রাত ৮:১৯

গুজব নয়, প্রকৃত তথ্যের ওপর ভিত্তি করে আগামীর বাংলাকে জানুন। রাজনীতির অলিন্দ থেকে মেহনতি মানুষের লড়াই—বাংলার আসল ছবিটা দেখতে চোখ রাখুন ইনসাইড খবরের ওয়ালে। আমরা খবরের পেছনের খবর বলি।

IMG 20260508 WA0017

🔴 লাইভ আপডেট

২১ মে, ২০২৬ | ১৬:০৯

রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটলেও ২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসা রুখতেই এই সিদ্ধান্ত বলে খবর।
২১ মে, ২০২৬ | ১৬:০৮

বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার

ফলতার পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ৪২.৮৩ শতাংশ ভোট পড়ল।
২১ মে, ২০২৬ | ১৬:০৭

দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার

দুপুর ১টা পর্যন্ত ফলতায় ৬০.৪৩ শতাংশ ভোট পড়ল।
২১ মে, ২০২৬ | ১৬:০৭

দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার

দুপুর ৩টে পর্যন্ত ফলতায় ৭৪.১০ শতাংশ ভোট পড়েছে।
২১ মে, ২০২৬ | ১০:৪৮

শান্তিতে ভোট দিচ্ছি

ফলতা বিধানসভা কেন্দ্রের স্থানীয়দের একাংশের বক্তব্য, বিগত বেশ কয়েকটি নির্বাচনে তাঁরা ভোট দিতে পারেননি। এ ক্ষেত্রে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান এবং তাঁর দলবলের দিকে অভিযোগের আঙুল তুলছেন তাঁরা। বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভোট দিতে দিত না জাহাঙ্গিরের বাহিনী। হাতে কালি লাগিয়েও ভোটকেন্দ্র থেকে ফিরে আসতে হত বলে দাবি করেছেন তাঁরা। প্রসঙ্গত, ফলতায় এ বার জাহাঙ্গিরকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি। অবশ্য জাহাঙ্গির যখন এই ঘোষণা করেন, তখন মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে গিয়েছে। সুতরাং, নির্বাচনে না-থাকলেও ইভিএম-এ জাহাঙ্গিরের নাম এবং তৃণমূলের প্রতীক থাকবে।
২১ মে, ২০২৬ | ১০:৪৩

সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

ফলতার পুনর্নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ২০.৪৭ শতাংশ ভোট পড়ল। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
২১ মে, ২০২৬ | ১০:৪৩

একাধিক বুথে নেই তৃণমূলের এজেন্ট

একাধিক বুথে নেই তৃণমূলের এজেন্ট। জাহাঙ্গির খানের বাড়ির কাছের দু'টি বুথেও নেই তৃণমূল কংগ্রেসের এজেন্ট।
২১ মে, ২০২৬ | ১০:৪২

শুনশান জাহাঙ্গির খানের বাড়ি

ফলতায় নির্বাচন চলছে আর শুনশান তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ি। গেটে তালা। দেখা নেই জাহাঙ্গিরের।
২১ মে, ২০২৬ | ১০:৪২

অস্বস্তিকর গরমের মধ্যেই ভোটারদের লম্বা লাইন

সাংঘাতিক ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের সর্বত্র। আবহাওয়াবিদদের মতে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। রোদের তীব্রতা এদিন সামান্য কম। ভ্যাপসা গরমকে তুড়ি মেরে উড়িয়েই ভোটের লাইনে ফলতার ভোটাররা।
২১ মে, ২০২৬ | ১০:৪১

ফলতায় সকাল ৯টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল?

কমিশন সূত্রে খবর, ফলতায় সকাল ৯টা পর্যন্ত ২০.৪৭ শতাংশ ভোট পড়েছে।
১৮ মে, ২০২৬ | ১৪:২১

মিলবে না ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতা

ধর্মীয় শ্রেণিভিত্তিক সমস্ত প্রকল্প বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা করলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, চলতি মাসে প্রকল্পের আওতায় সহায়তা মিললেও আগামী মাস থেকে তা সম্পূর্ণরূপে বন্ধ। এদিন অগ্নিমিত্রা স্পষ্ট ভাষায় বলেন, “ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসে চলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে।”
১৮ মে, ২০২৬ | ১৪:২১

অন্নপূর্ণা যোজনায় নীতিগত অনুমোদন দিয়েছে ক্যাবিনেট

নবান্নে ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শীঘ্রই প্রতিশ্রুতি মতো প্রতি মাসে ৩০০০ টাকা মিলবে।
১৮ মে, ২০২৬ | ১৪:২০

১৫ দিন অন্তর হবে ক্যাবিনেট বৈঠক

প্রত্যাশা মতোই সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মীদের বেতন কাঠামো সংশোধনের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা বলে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর জন্য শীঘ্রই গঠন করা হবে কমিটি।
১৮ মে, ২০২৬ | ১৪:২০

সরকারি বাসে ভাড়া লাগবে না মহিলাদের

আগামী পয়লা জুন থেকে সরকারি বাসে যাতায়াতে মহিলাদের কোনও ভাড়া লাগবে না। সেই প্রস্তাবে সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বলে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দূরপাল্লা-সহ সব সরকারি রুটের বাসে ফ্রি রাইড মহিলাদের।
১৮ মে, ২০২৬ | ১২:৩৯

‘বেপাত্তা’ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

পৈলানে রিসর্টের মতো প্রাসাদ ছেড়ে ‘বেপাত্তা’ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এই পরিস্থিতিতে অস্ত্র-সহ গ্রেপ্তার বিধায়কপুত্র। তার সঙ্গে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এলাকায় অযথা অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে
১৮ মে, ২০২৬ | ১২:৩৯

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু

সোমবার সকালে সল্টলেকে বিজেপির পার্টি অফিসে শুরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’। জনসাধারণের সঙ্গে সরাসরি কথা বলছেন তিনি। তাঁঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
১৮ মে, ২০২৬ | ১২:৩৮

হাইকোর্টের দ্বারস্থ ফলতার তৃণমূল প্রার্থী

ফলতায় ভোটের আগে হাইকোর্টের দ্বারস্থ সেখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তার আইনজীবী আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য এজলাসে দৃষ্টি আকর্ষণ করে জানান, রাজনৈতিক ভাবে চাপ তৈরি করতে জাহাঙ্গীরের বিরুদ্ধে পুলিশ একের পর এক মিথ্যে অভিযোগ দায়ের করেছে। এই অবস্থায় তাঁকে গ্রেফতার করে ভোটের আগে তৃণমূলের মনোবল নষ্ট করার চেষ্টা হতে পারে। তাই আপাতত রক্ষা কবচ চেয়ে মামলা করার আবেদন জানান তিনি। তাঁর আবেদন মঞ্জুর করে হাইকোর্ট। আজ দুপুর ২ টোয় শুনানির সম্ভাবনা।
১৮ মে, ২০২৬ | ১২:৩৭

ইডি দফতরে হাজিরা সোনা পাপ্পুর

আর্থিক প্রতারণা ও তোলাবাজি মামলায় সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারকে তলব করে ED। বার বার তলবের পরে সোমবার তিনি হাজির হন ইডি দফতরে। কলকাতা পুলিশের খাতায় একাধিক মামলা রয়েছে তাঁর নামে। কাঁকুলিয়ায় বোমাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন তিনি।
১৭ মে, ২০২৬ | ১৫:৩০

তৃণমূলী ‘কালচার’ বন্ধ

সরকারি অফিসারদের সামনে কোনও রাজনীতির প্রশ্ন নয়। সাংবাদিকদের উদ্দেশ্যে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল, শনিবার তিনি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। শুভেন্দুর কথায়, “আগের সিস্টেম হবে না। মিটিংয়ের মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিংয়ের মধ্যে অফিসারদের তুমি তুমি করা হবে না।” তৃণমূলী ‘কালচার’ বন্ধ, সেই বার্তাই মুখ্যমন্ত্রী দিলেন, তেমনই মত ওয়াকিবহাল মহলের।
১৭ মে, ২০২৬ | ১৫:২৯

প্রতি ব্লকে একটি পিএমশ্রী স্কুল

সরকারের পালাবদল হতেই রাজ্যের মুকুটে নতুন পালক। কেন্দ্র ও রাজ্যের শিক্ষা বিভাগের মধ্যে জাতীয় শিক্ষানীতি চালু করা নিয়ে চুক্তি সই হল। তৃণমূল সরকারের আমলে রাজ্যে জাতীয় শিক্ষানীতি নিয়ে টালবাহান ছিল। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে বাংলাতেই ডবল ইঞ্জিন সরকার। বিজেপি ক্ষমতায় আসার এক সপ্তাহ কাটতে না কাটতেই জাতীয় শিক্ষানীতি চালু।শুধু তাই নয়, জাতীয় শিক্ষানীতি নিয়ে চুক্তির পর এবার রাজ্যে পিএমশ্রী বিদ্যালয়ও! রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত একটি স্কুলকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
১৭ মে, ২০২৬ | ১৫:২৮

বুলডোজার নিয়ে অভিনন্দন যাত্রা

বাঁকুড়ার ওন্দায় রবিবার সকালে অভিনন্দন যাত্রা করল বিজেপি-র। অভিনন্দন যাত্রা শুরুতেই ছিল বুলডোজার। বুলডোজারে চেপে আসাম ও উত্তরপ্রদেশের মডেল পশ্চিমবঙ্গে বুলডোজার চালানোর বার্তা ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখার। এ দিন গোগড়া থেকে ওন্দা বাজারে মিছিল করে ওন্দাবাসীকে শুভেচ্ছা জানান তিনি
১৭ মে, ২০২৬ | ১৫:২৮

তৃণমূলের পার্টি অফিসে উদ্ধার প্যান ও আধার কার্ড

বিধাননগর পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২ নম্বর বাসন্তী দেবী কলোনির তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার শতাধিক আধার কার্ড, প্যান কার্ড ও সরকারি জমি বেআইনিভাবে কেনাবেচার কাগজপত্র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে এলাকাবাসীরা আধার কার্ড এবং নথিপত্র উদ্ধারের করেছেন। খবর দেওয়া হয়েছে বিধান নগর দক্ষিণ থানায়।
১৬ মে, ২০২৬ | ১৩:৪৭

মিঠুন চক্রবর্তীর বাড়িতে মুখ্যমন্ত্রী

শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই মিঠুন চক্রবর্তীর বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির স্টার ক্যাম্পেনার মহাগুরু। রাজ্যে গেরুয়া শিবিরের বিপুল জয়ের পরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য অভিনেতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী।
১৬ মে, ২০২৬ | ১৩:৪৬

২১ মে পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর

আগামী ২১ মে পশ্চিম বর্ধমান জেলায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ধমান পূর্ব ও পশ্চিম-সহ বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলার জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিক ও পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, স্বাস্থ্য আধিকারিক ও অন্যান্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। বৈঠকে থাকবেন পাঁচ জেলার বিধায়ক।
১৬ মে, ২০২৬ | ১৩:৪৫

মুখ্যমন্ত্রীর ওপর প্রাণঘাতী হামলার হুমকি মেল

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে আল-কায়দা ধাঁচে হামলার হুমকি দিয়ে এক মহিলার নিয়ে মেল করার অভিযোগ। তদন্তে নেমে গার্ডেনরিচের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছেন তিনি।
১৬ মে, ২০২৬ | ১৩:৪৫

তৃণমূল নেতার অবৈধ বাড়ি ভাঙতে হাজির বুলডোজার

হাসনাবাদের তালপুকুর এলাকায় দাপুটে তৃণমূল নেতা সাদ্দাম হোসেন অবৈধভাবে ওই এলাকার গিয়াসউদ্দিন ঘরামি নামে এক ব্যক্তির জায়গা জোর করে দখল করে অবৈধভাবে বাড়ি তৈরি করেছিল। এর আগে কলকাতা হাইকোর্ট এই বাড়িটি ভেঙে ফেলা নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে তা রুখে দেওয়ার অভিযোগ ওঠে সাদ্দামের বিরুদ্ধে। এ বার সেই বাড়ি ভেঙে ফেলতে শনিবার বুলডোজ়ার নিয়ে হাজির প্রশাসন।
১৬ মে, ২০২৬ | ১৩:৪৪

ডায়মন্ড হারবারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

ডায়মন্ড হারবারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু-ধারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলায় পৌঁছেই পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী।
১৫ মে, ২০২৬ | ১৮:৫০

বিধানসভার অধিবেশন লাইভ স্ট্রিমিংয়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এ বার থেকে বিধানসভার অধিবেশন লাইভ স্ট্রিমিং হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
১৫ মে, ২০২৬ | ১৮:৪৯

নন্দীগ্রাম থেকে পদত্যাগের চিঠি জমা দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী ১৪ দিনের মধ্যেই পদত্যাগ করতে হয়। সেই অনুযায়ী শুক্রবার নতুন স্পিকার শ্রী রথীন্দ্র বসুর কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন।
১৫ মে, ২০২৬ | ১৮:৪৯

SSKM হাসপাতালে বৈঠক মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে প্রথম বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। SSKM হাসপাতালে বৈঠক মুখ্যমন্ত্রীর
১৫ মে, ২০২৬ | ১৮:৪৮

সমরেশ চক্রবর্তী গ্রেফতার

বিধাননগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে গ্রেফতার করলো বাগুইহাটি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন স্থানীয় এক প্রোমোটার। ৪ মে প্রোমোটার কিশোর হালদার বিজেপির বিজয় মিছিলে গিয়েছিলেন। অভিযোগ, সমরেশ চক্রবর্তীর অনুগামীরা তাঁকে দেখে মারধর করে। কিশোর হালদার বাগুইহাটি থানায় কাউন্সিলর সমরেশ চক্রবর্তী নামে অভিযোগ করেছিলেন। এই নিয়ে দ্বিতীয়বার অভিযোগ করা হয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর অনুগামীরা কিশোর হালদারকে মারধর করেছিলেন বলে অভিযোগ।
১৫ মে, ২০২৬ | ১৮:৪৮

কার্শিয়াংয়ে ভিক্টোরিয়া স্কুল শিক্ষকদের আবাসনে আগুন

কার্শিয়াংয়ের ভিক্টোরিয়া স্কুলের শিক্ষকদের পরিত্যক্ত আবাসনে আগুন। আচমকা আগুন লেগে পুড়ে গিয়েছে ওই আবাসন। সেখানে কেউ থাকতেন না এখন। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
১৫ মে, ২০২৬ | ০০:১১

বিধি মেনে মাইক বাজানোর নির্দেশ

ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনালয়ের সামনে মাইক বাজিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা যাবে না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের সিপিদের সঙ্গে বৈঠকে এ নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন।
১৫ মে, ২০২৬ | ০০:১০

প্রকাশ্যে পশুহত্যা বন্ধেও কড়া নির্দেশিকা

যত্রতত্র পশুবলি বা আইন বহির্ভূত ভাবে পশুহত্যা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। কলকাতা হাইকোর্ট আগেই জনসমক্ষে পশুহত্যা এবং বড় ধর্মীয় অনুষ্ঠানে পশুবলি নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দিয়েছে। সেই নির্দেশও কঠোর ভাবে কার্যকর করতে বলেছেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট অনুমোদিত জায়গা ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না। কেউ আইন ভাঙলে কড়া পদক্ষেপ করতে হবে। জনস্বাস্থ্য এবং পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দিতেই এই পদক্ষেপ বলে জানাচ্ছে সরকারি মহল।
১৫ মে, ২০২৬ | ০০:০৯

ডেপুটি কমিশনার শান্তনু গ্রেফতার

কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা গ্রেফতার। ইডির হাতে গ্রেফতার হলেন তিনি। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। বুধবারই ডিসিপির খোঁজ পেতে নিরাপত্তা অধিকর্তাকে চিঠি পাঠিয়েছিল ইডি। এ দিন দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করে ইডি। আজ আদালতে পেশ করা হবে তাঁকে।
১৫ মে, ২০২৬ | ০০:০৯

সরকারি স্কুলে ‘বন্দে মাতরম’ গাইতে হবে

রাজ্যের সরকারি স্কুলগুলিতে এ বার থেকে ক্লাস শুরু হওয়ার আগে ‘বন্দে মাতরম’ গাইতে হবে। আগামী সোমবার এই নিয়ম কার্যকর যাবে। বৃহস্পতিবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
১৫ মে, ২০২৬ | ০০:০৭

ডায়মন্ড হারবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নবগঠিত রাজ্য সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ড হারবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পালাবদলের আগে পর্যন্ত ডায়মন্ড হারবারকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবেই মনে করা হত। কারণ, বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদও তিনিই। সেখান থেকেই নিজের প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে অনেকেই ফলতা বিধানসভার ভোটের আগে শাসকদলের রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন।
১৩ মে, ২০২৬ | ১২:১১

প্রয়াত স্বপন সাধন বসু

প্রয়াত স্বপন সাধন বসু, যাঁর পরিচিতি টুটু বসু নামে। মঙ্গলবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। সবুজ-মেরুনের এক যুগের অবসান, অভিভাবকহীন মোহনবাগান, শোকস্তব্ধ ময়দান।শুধু মোহনবাগান নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারাও এই প্রবীণ প্রশাসকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতে তাঁর ম্যাসিভ হার্ট অ্য়াটাক হয়। বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টুটু বসুর মৃত্য়ুর পর গোটা কলকাতা ময়দানে নেমে এসেছে শোকের ছায়া। শোকজ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
১১ মে, ২০২৬ | ১৩:৫৪

পরবর্তী বৈঠক আগামী সোমবার

আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক। তিনি বলেন, “পরবর্তী সোমবার আমরা মন্ত্রিসভার আরও একটি বৈঠক করব। আরজি কর-সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাতা (ডিএ), এরিয়ারের বিষয়ে আমরা ওই দিন আলোচনা করব।”
১১ মে, ২০২৬ | ১৩:৫৩

আয়ুষ্মান ভারতে যুক্ত হল পশ্চিমবঙ্গ

আয়ুষ্মান ভারত’ প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সোমবার থেকেই এই প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ।
১১ মে, ২০২৬ | ১৩:৫৩

চালু থাকা সমস্ত সামাজিক প্রকল্প চলবে

চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। তবে অভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানান তিনি।
১১ মে, ২০২৬ | ১৩:৫২

বিএনএস-এ যুক্ত হল পশ্চিমবঙ্গ

ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এ যুক্ত হল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, অত্যন্ত অবৈধ ভাবে আগের আইপিসি, সিআরপিসি চলছিল। আজ থেকে বিএনএস-এ যুক্ত হল পশ্চিমবঙ্গ।
১১ মে, ২০২৬ | ১৩:৫২

সরকারি চাকরিতে বয়ঃসীমা বৃদ্ধি

সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি করল রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন, ২০১৫ সালের পর রাজ্যে সরকারি চাকরিতে কোনও নিয়োগ হয়নি। তাই প্রচুর শিক্ষিত যুবক-যুবতীর বয়স চলে গিয়েছে। সে কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনের বয়ঃসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হল।
১১ মে, ২০২৬ | ১৩:৫১

প্রায় সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয় ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
১১ মে, ২০২৬ | ১৩:৫১

রাজ্যের আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ

শুভেন্দু জানান, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আইএএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
১১ মে, ২০২৬ | ১৩:৫০

বিজেপির নিহত কর্মীদের পাশে সরকার

বিজেপির অকালে ঝরে যাওয়া ৩২১ জনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। হত্যার বিচার চান তাঁরা। তা আমরা দেব।
১১ মে, ২০২৬ | ১২:০৪

নতুন সরকার বিজেপির সরকার হবে না

সল্টলেকের বিজেপি দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “সরকার সরকারের মতো চলবে। দলের সঙ্কল্পপত্র যাতে রূপায়িত হয়, তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ থাকবে। এই সরকার বিজেপি সরকার হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে।
১১ মে, ২০২৬ | ১২:০২

শুভেন্দু মন্ত্রিসভার প্রথম বৈঠক নবান্নে

সোমবার বেলা ১২টায় শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। পাশাপাশি প্রথম দিনেই তিনটি প্রশাসনিক বৈঠকও রয়েছে তাঁর। এ ছাড়া বিকেল ৪টেয় নবান্নেই বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে পর পর তিনটি বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে প্রথমে একটি পর্যালোচনা বৈঠক করবেন তিনি। এর পরে দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। তার পরে বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে শুভেন্দুর। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জ়োনের উচ্চপদস্থ আধিকারিকেরা।
১১ মে, ২০২৬ | ১২:০১

নবান্নে এসে পৌঁছলেন নবনির্বাচিত মন্ত্রী অগ্নিমিত্রা, দিলীপ ও নিশীথ

সোমবার থেকে পুরোদমে কাজ শুরু করতে চলেছে বাংলার নবনির্বাচিত সরকার। বিজেপি সরকারের দুই মন্ত্রী অগ্নিমিত্র পল ও দিলীপ ঘোষ সকাল ১১টা নাগাদ নবান্নে পৌঁছান। তাঁদের পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই সেখানে আসেন মন্ত্রী নিশীথ প্রামাণিকও।
১১ মে, ২০২৬ | ১২:০০

নবান্নে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

নবান্নে পৌঁছতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ‘গার্ড অফ অনার’। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ থেকেই নবান্নে কাজ শুরু করতে চলেছেন তিনি। পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান আধিকারিকরা।
৮ মে, ২০২৬ | ২০:২২

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্য সচিব?

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্য সচিব হতে চলেছেন রাজ্যের বর্তমান মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, এমনটাই সূত্রের খবর। তবে সরকারি ভাবে এই বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
৮ মে, ২০২৬ | ২০:২২

NITI আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ি

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ড. অশোক লাহিড়ি
৮ মে, ২০২৬ | ২০:২১

কলকাতায় এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

কলকাতায় এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার সন্ধ্যায় তিনি কলকাতা এসে পৌঁছন। আগামিকাল বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতে শহরে এলেন তিনি।
লাইভ আপডেট শেষ

West Bengal 2026- ঐতিহ্য এবং আধুনিকতার এক অদ্ভুত সংমিশ্রণে দাঁড়িয়ে আজকের পশ্চিমবঙ্গ। হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে গাঙ্গেয় বদ্বীপ পর্যন্ত বিস্তৃত এই রাজ্যটি ভারতের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মানচিত্রে এক বিশেষ গুরুত্ব বহন করে। একদিকে যেমন কলকাতা মহানগরী তার গতিশীলতা বজায় রেখেছে, অন্যদিকে গ্রাম বাংলার কৃষিভিত্তিক অর্থনীতি রাজ্যের মেরুদণ্ড হিসেবে নিজেকে প্রমাণ করছে। উত্তরবঙ্গের পর্যটন শিল্প এবং দক্ষিণবঙ্গের হলদিয়া ও খড়গপুরের শিল্পাঞ্চল রাজ্যের জিডিপিতে বড় অবদান রাখছে (West Bengal 2026)।

​ঐতিহাসিক ও সাংস্কৃতিক সমৃদ্ধি

​বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে আছে ইতিহাসের ছোঁয়া। মুর্শিদাবাদের হাজারদুয়ারি, বাঁকুড়ার বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির, কোচবিহারের রাজবাড়ী কিংবা কলকাতার নাখোদা মসজিদ—প্রতিটি স্থাপত্যই বাংলার ধর্মীয় সম্প্রীতি এবং শিল্পকলার পরিচয় দেয়। ২০২৬ সালে দাঁড়িয়েও বাংলার নিজস্ব উৎসব, খাদ্যাভ্যাস এবং ফুটবল প্রেম বৈশ্বিক স্তরে নিজের জায়গা ধরে রেখেছে।

​২০২৬-এর রাজনৈতিক প্রেক্ষাপট

​আজকের তারিখ অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজনীতি এক অত্যন্ত সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমীকরণ আগের তুলনায় অনেক বেশি জটিল। গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যে, সাধারণ ভোটাররা এখন অনেক বেশি সচেতন। তারা শুধুমাত্র আবেগের বশবর্তী না হয়ে শিক্ষা, স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের ভিত্তিতে নিজেদের রায় দিচ্ছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটাররা শিল্পায়ন এবং প্রযুক্তিগত উন্নয়নের দাবিতে সোচ্চার।

​উন্নয়নের ধারা ও রাজনীতির প্রভাব

​রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিবেশে ‘উন্নয়নের রাজনীতি’ এক বড় হাতিয়ার হয়ে উঠেছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সরকারি প্রকল্পের সুবিধা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা—এই বিষয়গুলোই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। যদিও শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বিভিন্ন ইস্যুতে বাদানুবাদ রয়েছে, কিন্তু সার্বিকভাবে রাজ্যের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখাই বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

​ভবিষ্যৎ লক্ষ্য ও চ্যালেঞ্জ

​আগামী কয়েক বছরে পশ্চিমবঙ্গের সামনে বড় চ্যালেঞ্জ হলো নতুন শিল্প বিনিয়োগ টানা এবং মেধা পাচার রোধ করা। তথ্যপ্রযুক্তি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। পরিবেশগত ভারসাম্য বজায় রেখে সুন্দরবনের মতো সংবেদনশীল এলাকা রক্ষা করা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করাও রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের জন্য এক বড় পরীক্ষা। ২০২৬ সালের এই বসন্তে পশ্চিমবঙ্গ এক নতুন ভোরের প্রত্যাশায় এগিয়ে চলেছে।

Scroll to Top