‘WHO’ থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছেন। বলা বাহুল্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছর আগেই সংস্থা থেকে দেশটির নাম প্রত্যাহার করার ইঙ্গিত দিয়েছিলেন। শুধু তাই নয়, উক্ত বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। কোভিড মহামারী চলাকালীন সংস্থাটিকে খুব বেশি ‘চিন-কেন্দ্রিক’ বলে সমালোচনা পর্যন্ত করেছিলেন।
এই প্রসঙ্গে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, মহামারীটির ভুল ব্যবস্থাপনা, সংস্কারে অক্ষমতা এবং সদস্য রাষ্ট্রগুলির রাজনৈতিক প্রভাবের কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
শুধু তাই নয়, এইচএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজেদের মূল লক্ষ্য থেকে সরে গেছে। তারা একাধিকবার মার্কিন নাগরিকদের সুরক্ষার প্রশ্নে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ গুলো প্রত্যাখ্যান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক Tedros Adhanom Ghebreyesus বলেছেন, ‘এই প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য ক্ষতিকর।’












