US-EU Tension :যুক্তরাষ্ট্র ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইউরোপ
যুক্তরাষ্ট্র (US-EU Tension ) ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইউরোপ। সতর্ক বার্তা ন্যাটো প্রধানের। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনার পর ইউরোপকে নিজেদের পায়ে দাঁড়ানোর আহ্বান জোরালো হওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন (US-EU Tension )।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতাদের রুটে বলেন, ‘যদি কেউ মনে করেন যে ইউরোপীয় ইউনিয়ন বা সামগ্রিকভাবে ইউরোপ যুক্তরাষ্ট্রকে ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে, তবে তারা স্বপ্নের ঘোরে আছেন। আপনারা তা পারবেন না।’ তিনি আরও বলেন, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ‘একে অপরকে প্রয়োজন।’
ন্যাটো মিত্র ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নতুন হুমকির কারণে ন্যাটোর অভ্যন্তরে উত্তেজনা বিরাজ করছে।
ট্রাম্প গ্রিনল্যান্ডের ইউরোপীয় সমর্থকদের ওপর নতুন শুল্ক আরোপের কথা বললেও পরবর্তীতে রুটের সহায়তায় খনিজ সমৃদ্ধ এই দ্বীপটি নিয়ে একটি চুক্তির ‘ফ্রেমওয়ার্ক’ বা রূপরেখা তৈরি হওয়ায় তিনি সেই হুমকি প্রত্যাহার করে নেন। তবে এই চুক্তির বিস্তারিত তথ্য খুব কমই সামনে এসেছে।












