US strikes on Venezuela: ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি
ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় হামলা (US strikes on Venezuela)। দেশজুড়ে জরুরি অবস্থা জারি। ভেনেজুয়েলা সরকারের অভিযোগ , আমেরিকা তাদের বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সংশ্লিষ্ট ঘটনাকে ‘সরাসরি সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে দেশটির সরকার (Venezuelan President Nicolas Maduro)।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। এগুলোকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সামরিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে কারাকাস তীব্র নিন্দা জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণে নিতেই এসব হামলা চালানো হয়েছে। তবে এই উদ্দেশ্য সফল হবে না বলে হুঁশিয়ারি দেয় মাদুরো সরকার ।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারের ভাষ্য, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে (US President Donald Trump) ভেনেজুয়েলার ভেতরে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনাও ছিল।












