Arrested: তিলজলায় বেআইনি কল সেন্টারে সাইবার পুলিশের হানা
গ্রেফতার ৩, উদ্ধার নগদ টাকা ও বিপুল নথি
সাইবার অপরাধ দমনে বড় সাফল্য (Arrested) পেল কলকাতা পুলিশের সাইবার থানা। Cyber P.S, Kolkata-এর GDE নং ৩৫৯ (তারিখ ১৭.১২.২০২৫)-এর ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর একাধিক ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর বিভিন্ন ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে AFS, DD-এর অফিসার ও কর্মীরা তিলজলা থানার অন্তর্গত চন্দ্রনাথ রায় রোডের ৯/৪এ নম্বর বাড়ির ২য় তলার ফ্ল্যাট নম্বর ৮-এ অভিযান চালান। ওই ফ্ল্যাটটি মন্টু শ’ (পিতা— অরুণ শ’) এর বাসস্থান বলে জানা যায়।
অভিযান চলাকালীন একাধিক আপত্তিকর নথি উদ্ধার হয়। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট বিক্রির একাধিক এগ্রিমেন্ট ফর সেল, লিডস সংক্রান্ত কাগজপত্র, কল সেন্টারের স্ক্রিপ্ট, বহু বিদেশি নাগরিকের ই-মেল আইডি সংক্রান্ত নথি, ৬টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি রাউটার এবং নগদ ২ লক্ষ ৩৯ হাজার টাকা। সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাট থেকে তিনজন মিলে একটি বেআইনি কল সেন্টার চালাচ্ছিল। জিজ্ঞাসাবাদে তারা কোনও সন্তোষজনক উত্তর দিতে না পারায় সমস্ত আইনি প্রক্রিয়া মেনে ১৮ ডিসেম্বর রাত প্রায় ২টো নাগাদ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন—
1. মন্টু শাও’ (৩০), পিতা— অরুণ শাও’, ঠিকানা— ৯/৪এ, চন্দ্রনাথ রায় রোড, তিলজলা, কলকাতা (ফ্ল্যাটের মালিক)
2. সামাদ হুসেন (২৪), পিতা— সারফরাজ হুসেন, আন্দামান রোড, বেনিয়াপুকুর
3. তুহিন দাশগুপ্ত (২৫), পিতা— তপন দাশগুপ্ত, কারায়া রোড, বেনিয়াপুকুর, কলকাতা
গ্রেফতারের পর তদন্তের স্বার্থে উক্ত ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের মেডিক্যাল পরীক্ষা করিয়ে সেন্ট্রাল লকআপে রাখা হয়। আদালতে পেশ করার পর তিনজনকেই আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘিরে সাইবার অপরাধ চক্রের সঙ্গে আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।











