LPG Gas Price Hike: সিলিন্ডার পিছু ২১৮ টাকা বৃদ্ধি, আরও দামি বাণিজ্যিক এলপিজি
মধ্যরাত থেকেই কার্যকর নতুন মূল্য
সুমিত দে, কলকাতা: নতুন মাসের শুরুতেই ফের বাড়ল গ্যাসের দাম (LPG Gas Price Hike)। তবে আপাতত স্বস্তি মিলেছে সাধারণ গ্রাহকদের জন্য, কারণ ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। মূল্যবৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে। নতুন সংশোধিত মূল্য অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২,২০৮ টাকায়। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১,৯৯০ টাকা। পয়লা এপ্রিল মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম (LPG Gas Price Hike)।
উল্লেখ্য, মার্চ মাসের প্রথম সপ্তাহেই একযোগে বাড়ানো হয়েছিল ঘরোয়া ও বাণিজ্যিক—দুই ধরনের এলপিজি সিলিন্ডারের দাম। তখন ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়ে ৮৭৯ টাকা থেকে বেড়ে হয় ৯৩৯ টাকা। একই সময়ে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বাড়িয়ে করা হয় ১,৯৯০ টাকা।
জ্বালানি সংস্থাগুলোর মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির উপর নির্ভর করেই এলপিজির দাম নির্ধারিত হয়। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার জেরে এলপিজি আমদানিতে চাপ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। সরকারি সূত্রের বক্তব্য, দেশের ঘরোয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সেই কারণে বাণিজ্যিক গ্যাস সরবরাহ ব্যবস্থায় কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপও কার্যকর করা হয়েছে।
এদিকে মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। নির্বাচনী সভা থেকে কেন্দ্র সরকারের সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, নির্বাচনের আগে জ্বালানির দাম স্থিতিশীল রাখা হলেও ভোটের পর বড়সড় মূল্যবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাঁর কথায়, “নির্বাচন শেষ হলেই পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম ব্যাপক হারে বাড়বে।”
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বজায় থাকলে আগামী মাসগুলিতেও এলপিজির দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।












