Khaleda Zia Funeral: স্বামীর পাশে সমাহিত খালেদা জিয়া 

আন্তর্জাতিক - প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৫৯
New Project 2025 12 31T174446.550

স্বামীর পাশে সমাহিত (Khaleda Zia Funeral) প্রাক্তন প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল ৫টার দিকে স্বামী শহিদ জিয়াউর রহমানের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

দাফন শেষে বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনী। পাশাপাশি বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা ।

দাফন প্রক্রিয়া চলার সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তার ছোট মেয়ে জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত রাজনীতিবিদরা । দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিরা ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এছাড়া লক্ষ লক্ষ মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। বুধবার বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় জানাজা। দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে এক মহাসমুদ্রে রূপ নেয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার নামাজ পড়ান। প্রাক্তন এই প্রধানমন্ত্রীর জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষ বিদায়ে বিদেশি অতিথিদের মধ্যে পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

Scroll to Top