Digital Voter Slip 27 April: ভোটার স্লিপ নেই? চিন্তা নেই! ২৯ এপ্রিল ভোট দিতে আপনার স্মার্টফোনই এখন মুশকিল আসান

ভারত - প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, রাত ৯:৫৫

২৯ এপ্রিল ভোট: হাতে ভোটার স্লিপ না থাকলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

Lok Sabha Election How to check and download your qr voter slip online

Digital Voter Slip 27 April- অপেক্ষার ৪৮ ঘণ্টা। তারপরেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোট। ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। এই পর্বে ভোট রয়েছে- পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়। দরজায় কড়া নাড়ছে দ্বিতীয় দফার ভোট, অথচ অথচ আপনার হাতে এখনও এসে পৌঁছায়নি সেই কাঙ্ক্ষিত ভোটার স্লিপ?  চিন্তা করবেন না। একদম ঘাবড়াবেন না। বিষয়টি নিয়ে অহেতুক দুশ্চিন্তা করার দিন এখন অতীত। বর্তমান ডিজিটাল যুগে আপনার পকেটে থাকা স্মার্টফোনটিই হতে পারে মুশকিল আসান।

​নির্বাচন কমিশনের আধুনিক ব্যবস্থাপনায় এখন বাড়ি বসে কয়েক সেকেন্ডেই আপনি আপনার যাবতীয় নির্বাচনী তথ্য জেনে নিতে পারেন (Digital Voter Slip 27 April)। প্রথমত, আপনি আপনার স্মার্টফোনে ECINET অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। সেখানে ‘Search Your Name in Voter List’ অপশনে গিয়ে নিজের মোবাইল নম্বর বা ভোটার কার্ডের (EPIC) নম্বর দিলেই কেল্লাফতে! নিমিষেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার পোলিং বুথ, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর। আবার আপনার কাছে যদি ইন্টারনেট সংযোগ না থাকে, তাহলেও চিন্তার কিছু নেই।

ফোনের মেসেজ বক্সে গিয়ে বড় হাতের অক্ষরে ECI লিখে একটা স্পেস দিয়ে আপনার ভোটার কার্ড নম্বরটি টাইপ করুন এবং পাঠিয়ে দিন ১৯৫০ নম্বরে। ফিরতি মেসেজেই মিলবে আপনার ভোটের খুঁটিনাটি।

​সবচেয়ে স্বস্তির খবর হলো, ভোট দেওয়ার জন্য ভোটার স্লিপ হাতে পাওয়া কিন্তু একেবারেই বাধ্যতামূলক নয়। খোদ নির্বাচন কমিশনের আধিকারিকদের মতে, ভোটার তালিকায় নাম থাকা এবং নিজের সচিত্র পরিচয়পত্র (ভোটার কার্ড) বা কমিশন অনুমোদিত বিকল্প পরিচয়পত্র থাকাই ভোটদানের আসল চাবিকাঠি। তাই স্লিপ পাননি বলে মন খারাপ করে বাড়িতে বসে না থেকে, কমিশনের পোর্টাল বা মেসেজ পরিষেবার মাধ্যমে নিজের পার্ট ও সিরিয়াল নম্বরটি জেনে নিন এবং গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে শামিল হোন।

Scroll to Top