Iran LPG cargo: ইরান থেকে এলপি গ্যাস কিনল ভারত
দীর্ঘ ৬ বছর পর, ইরান থেকে এলপিজি কিনল ভারত (Iran LPG cargo)। দীর্ঘ কয়েক বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে ইরান থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি শুরু করেছে ভারত।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ২০১৯ সাল থেকে তেহরানের সঙ্গে জ্বালানি বাণিজ্য বন্ধ থাকলেও, সম্প্রতি উদ্ভূত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নয়াদিল্লি (Iran LPG cargo)।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০১৯ সালে পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার চাপে পড়ে ইরান থেকে সব ধরনের জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছিল ভারত।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘অরোরো’ নামে এলপিজি কার্গোবাহী ট্যাংকারটি প্রাথমিকভাবে চিনের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্যাংকারটি এখন তার গতিপথ পরিবর্তন করে ভারতের পশ্চিম উপকূলের ম্যাঙ্গালোর বন্দরের দিকে যাচ্ছে এবং খুব শীঘ্রই সেখানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
আমদানিকৃত ইরানি এলপিজি ভারতের তিনটি প্রধান জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠান—ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল)-এর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
সূত্র জানিয়েছে, কার্গোটি একজন ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছে এবং এর মূল্য পরিশোধ করা হবে ভারতীয় মুদ্রা রুপিতে। বলা বাহুল্য, ইরানের ওপর মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম।












