Indian Student Dead in USA: ক্যালিফোর্নিয়ায় ভারতীয় যুবকের রহস্যমৃত্যু
দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আইআইটি পাসআউট ভারতীয় পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হল আমেরিকায় (Indian Student Dead in USA)। আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন তিনি। মৃতের নাম সাকেত শ্রীনিবাসাইয়া(২২)। সাকেত শ্রীনিবাসাইয়া ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে-তে কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর পাঠরত ছিলেন। ক্যালিফোর্নিয়ার টিলডেন রিজিওনাল পার্কের একটি হ্রদের কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। প্রাথমিক ভাবেই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। অবশেষে ১৫ ফেব্রুয়ারি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সান ফ্রান্সিসকোর দ্য ইন্ডিয়ান কনস্যুলেট। পরিবারের সঙ্গে কনস্যুলেটের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে (Indian Student Dead in USA)।
স্থানীয় পুলিশ সাকেতের দেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এই ছাত্রের দেহ দ্রুত ভারতে পৌঁছনোর জন্য স্থানীয় প্রশাসনের তরফে যথেষ্ট সহায়তা ও পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁর রুমমেট জানিয়েছে, পুলিশ প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে করছে। কয়েকদিন ধরেই সাকেত খাবার ঠিকমতো খাচ্ছিল না। বিশেষ কথাবার্তাও বলছিল না কারোর সঙ্গে। একদিন ক্লাসে লাল রঙের বাথরোব পরে চলে যায়। তখন বাকি সহপাঠীরা তা নিয়ে মন্তব্য করলে, সাকেত উত্তর দেয় যে তাঁর কিছুতেই আর কিছু যায় আসে না।
এদিকে, এই ঘটনার পরই এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বিদেশে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে সরব হয়েছেন। হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।












