Israeli attacks on Lebanon: লেবাননে বিমান হামলা ইসরাইলের
দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলের ব্লাত ও ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল (Israeli attacks on Lebanon)। ২০২৪ সালের নভেম্বর মাসে ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর মধ্যে হওয়া যুদ্ধবিরতির পর এটিই বড় ধরনের হামলা।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। তবে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, চলমান প্রায় প্রতিদিনের হামলায় বেসামরিক এলাকা ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে (Israeli attacks on Lebanon)।
এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অধিকাংশ হামলা বনাঞ্চল ও পাহাড়ি খোলা জায়গায় হয়েছে বলে জানা গেছে।
একই সঙ্গে ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আকাশে টহল দিচ্ছে। হিজবুল্লাহ-ঘনিষ্ঠ আল-মানার টিভি জানিয়েছে, মার্কাবা শহরে ইসরাইলি কোয়াডকপ্টার ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বেকা উপত্যকায় পৃথক হামলায় এক ব্যক্তি নিহত ও ২৯ জন আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কফর দান এলাকায় হামলায় ১৬ বছর বয়সি এক সিরীয় কিশোর নিহত হয়েছে।
রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরাইলের হামলায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে ১২৭ জন বেসামরিক। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সংঘাতে লেবাননে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছেন।












