Mamata Banerjee: কৃষিও চলবে, শিল্পও চলবে! সিঙ্গুরের মঞ্চ থেকে হুশিয়ারি মমতার
সিঙ্গুর থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার
সুমিত দে, সিঙ্গুর: সিঙ্গুরের মাটি থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী mamata banerjee। শিল্প, কৃষি, সামাজিক সুরক্ষা প্রকল্প, SIR–NRC বিতর্ক, বাংলার অধিকার ও মানবাধিকার -সব ইস্যুতেই সরব হলেন তিনি। স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রীর বার্তা, “কৃষিও চলবে, শিল্পও চলবে। কিন্তু কারও জমি কেড়ে নয়।”

সভামঞ্চে বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, কৃষক বন্ধু, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের উপভোক্তাদের অভিনন্দন জানান। পাশাপাশি আশা, আইসিডিএস কর্মী ও পার্শ্বশিক্ষকদের ভূমিকাকে সম্মান জানান তিনি। কর্মসূচি সফলভাবে আয়োজন করার জন্য প্রশাসনকেও ধন্যবাদ জানান mamata banerjee- এর।

সিঙ্গুর আন্দোলনের স্মৃতিচারণ
সিঙ্গুরকে নিজের “প্রিয় জায়গা” বলে উল্লেখ করে মমতা বলেন, ২০০৬–২০০৮ সাল পর্যন্ত তিনি রাস্তায় থেকেছেন, ২৬ দিন অনশন করেছেন। জমি আন্দোলনে নেতৃত্ব দেওয়া তাপসী মালিক-সহ সকল আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “কথা দিয়েছিলাম জমি ফিরিয়ে দেব। কথা রেখেছি।”
শিল্প ও কর্মসংস্থানের খতিয়ান
মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরে ৮ একর জমিতে ৯.২০ কোটি টাকা ব্যয়ে সিঙ্গুর এগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে। ২৮টি প্লটের মধ্যে ২৫টি ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে। পাশাপাশি, SAIP-এর অধীনে ৭৭ একর জমিতে একটি বেসরকারি শিল্প পার্ক গড়ে উঠছে, যেখানে ফ্লিপকার্ট ও অ্যামাজনের মতো সংস্থা তাদের ওয়্যারহাউস তৈরি করছে। তাঁর দাবি, এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে।
প্রকল্প উদ্বোধন ও অর্থ বরাদ্দ
সভা থেকেই মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মোট ১,৬৯৪টি প্রকল্প ও পরিষেবার উদ্বোধন বা শিলান্যাস হয়েছে, যার মোট ব্যয় ৩৩,৫৫১ কোটি টাকা।
বাংলার বাড়ি প্রকল্পে ১ কোটি মানুষ উপকৃত হয়েছেন। এদিন ২০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি প্রথম কিস্তির টাকা পাঠানো হয়েছে।
ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১,৫০০ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন তিনি।
SIR–NRC ইস্যুতে বিস্ফোরক অভিযোগ
SIR-এর আড়ালে NRC চালুর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় বহু মানুষের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এটা গণতন্ত্র, স্বৈরতন্ত্র নয়।”
তিনি স্পষ্ট জানান, বাংলায় NRC হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না।
বাংলা ও বাঙালির অধিকার
বাংলায় কথা বলার জন্য ভিনরাজ্যে বাঙালিদের নিগ্রহের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা শাসন করবে বাংলার মানুষই, বহিরাগতরা নয়।”
ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন তিনি।
নারীবিদ্বেষ ও মানবাধিকার প্রসঙ্গ
ভোটার তালিকায় বিবাহিত মহিলাদের নাম বাদ দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী একে নারীবিদ্বেষের উদাহরণ বলে আখ্যা দেন। তাঁর সাফ কথা, “এটা হতে দেব না।”
ক্ষতিপূরণ ও মানবিক ঘোষণা
সম্প্রতি একটি দুর্ঘটনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি পরিবারের একজনকে চাকরি ও সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগের নির্দেশ দেন তিনি।
বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী মানুষকে আত্মহত্যার পথ না বেছে নেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন,
“এটা বাংলা। এখানে কেউ মর্যাদাহীন হবে না। যত বাধাই আসুক, আমি লড়াই করব।”












