Mirza Abbas: মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, সন্ধ্যা ৬:৫৬
f3e949c0ea0d06ea57c9b47b5e2e34e2 69b3f49ba2804

মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে মির্জা আব্বাসের (Mirza Abbas)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তাঁর।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে (Mirza Abbas)।

ডা. রফিক জানান, এর আগে সকালে ওনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু পর্যালোচনা করে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।

মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান তিনি। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

এসময় মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার বলেও উল্লেখ করেন ডা. রফিক।  এর আগে, এদিন জুমার নামাজের পর এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত অবহিত করা হয় তাকে।

শুধু তাই নয়, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

শুক্রবার (১৩ মার্চ) তিনি বলেন, আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। তবে, পরবর্তীতে তার মেডিকেল বোর্ড মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

উল্লেখ্য, গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

Scroll to Top