ভারত-প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৭:০০|আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:০০
West Bengal Assembly Elections 2026: বাংলার ভাগ্য কার হাতে? কার দখলে কত আসন? রাজপথ থেকে নবান্ন— রাজনীতির অন্দরের সব খবর, ব্রেকিং আপডেট এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে চোখ রাখুন আপনার ভরসার নিউজ পোর্টাল 'ইনসাইড খবরের' ওয়ালে
ভোট-প্রথমা: বাংলার ভাগ্য কার হাতে? ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি আসনের রাজনৈতিক সমীকরণ ও উত্তেজনার এক ঝলক।
🔴 লাইভ আপডেট
২৩ এপ্রিল, ২০২৬ | ১৯:৫৮
মোটের উপর শান্তিপূর্ণই কাটল প্রথম দফার ভোট
বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও গোলমাল হল। গাড়ি ভাঙচুর হল। প্রার্থীর উপর হামলার ঘটনাও ঘটল। তবে মোটের উপর নির্বিঘ্নেই কাটল রাজ্যের প্রথম দফার বিধানসভা ভোট।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৯:৫৬
সস্ত্রীক ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি
অবশেষে ভোট দিলেন চিত্রকর নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেন। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ বোলপুরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন ওই বৃদ্ধ দম্পতি।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৯:৫৬
ভোটদানের হার ৯১.৫৮ শতাংশ
রাজ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫২টি কেন্দ্রে ভোটদানের হার ৯১.৫৮ শতাংশ। যদিও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটদানের হার আপডেট করা হচ্ছে প্রতি মুহূর্তে। ফলত, শেষ পর্যন্ত ভোট শতাংশের হার সামান্য কিছুটা বাড়তে পারে।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৯:১০
বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার
বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে প্রথম দফায় পড়ল ৮৯.৯৩ শতাংশ। ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগেই ২০২১ বা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটদানের হারকে অনেকটা ছাপিয়ে গেল এ বারের বিধানসভা নির্বাচন। যে ১৫২ টি আসনে প্রথম দফার ভোট চলছে, সেগুলিতে ২০২১ সালে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ। ২০২৪ সালে ৭৯.৮ শতাংশ। এ বার বিকেল ৫টার মধ্যেই সেই সব হার ছাপিয়ে ৮৯.৯ শতাংশ হয়ে গেল। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটদান চলবে। আগামী বুধবার দ্বিতীয় দফার ভোটে এর কাছাকাছি হার বজায় থাকলেই পশ্চিমবঙ্গ ভেঙে দেবে ভোটদানের যাবতীয় সর্বভারতীয় নজির।
দেশে ভোটদানের হারের নিরিখে সব রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড গড়েছিল অসম। চলতি বিধানসভা ভোটে সেখানে ভোট পড়েছে ৮৫.৩৮ শতাংশ। ভোটদানের রেকর্ডে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এখনও পর্যন্ত শীর্ষে ছিল পুদুচেরি। অসম রাজ্যকে পিছনে ফেলে সেই নজির তারা গড়েছিল চলতি বিধানসভা নির্বাচনেই। পুদুচেরিতে ভোটদানের হার ছিল চলতি বিধানসভা নির্বাচনে ৮৯.৯৩ শতাংশ। সেই দুই রাজ্যকে পিছনে ফেলল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। তবে চলতি বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ভোটদান কত হবে, সেই হার নজির গড়বে কি না, তা জানা যাবে দ্বিতীয় দফার পরেই।
পশ্চিমবঙ্গে এর আগে পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০১১ সালে। ওই বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৮৪.৩৩ শতাংশ।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৯:১০
বিকেল ৫টা পর্যন্ত কোন জেলায় কত
প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোটদানের হার দক্ষিণ দিনাজপুরে— ৯৩.১২ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পঙে— ৮১.৯৮ শতাংশ।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৯:০৯
আসনভিত্তিক ভোটের হার বিকেল ৫টা পর্যন্ত
রাজ্যে প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে শমসেরগঞ্জ আসনে। সেখানে ভোটদানের হার ৯৫.৩৪ শতাংশ। ভগবানগোলায় ভোট পড়েছে ৯৫.৩১ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ৯০.০৩ শতাংশ। বহরমপুর আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৬০ শতাংশ।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৭:১৫
খয়রাশোলে জনতা-কেন্দ্রীয় বাহিনী খণ্ডযুদ্ধ
খয়রাশোলে জনতা-কেন্দ্রীয় বাহিনী খণ্ডযুদ্ধ। ইভিএমে তৃণমূল প্রার্থীর জন্য নির্দিষ্ট বোতামে চাপ দিলে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। এই অভিযোগেই বিক্ষোভ শুরু হয় দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথে।
ভোটারদের অভিযোগ, প্রথমে ২০০-র মতো ভোটদান হওয়ার পর বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, তৃণমূল প্রার্থীর বোতামে চাপ দিলে তা সরাসরি বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে।
ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। ভোট বন্ধ করে দেওয়ার দাবি তোলেন ভোটাররা। কিছুক্ষণের মধ্যেই ভোট বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অভিযোগ, তারপরই জওয়ানদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন স্থানীয়রা। লাঠি উঁচিয়ে তেড়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনায় জখম হয়েছেন দুই-চার জন জওয়ান ও গাড়ির চালক। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী
২৩ এপ্রিল, ২০২৬ | ১৭:১৪
পভোটকর্মীদের সাসপেন্ড নির্বাচন কমিশনের
পিংলার ৯ নম্বর বুথের সব ভোটকর্মীদের সাসপেন্ড করল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার-সহ সব ভোটকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার-সহ সব কর্মী একসঙ্গে লাঞ্চ করতে বুথ ছেড়ে বেরিয়ে যান। বুথ থেকে নিরাপত্তা কর্মীরা তাঁদের ফোন করলে বলা হয় তাঁরা বাইরে রয়েছেন। পরে আসছেন। সেক্টর অফিসারও বাইরে ছিলেন বলে খবর।
খবর পাওয়া মাত্র পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিককে গোটা ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়। ওই বুথের প্রিসাইডিং অফিসার সহ সব ভোট কর্মীকে সাসপেন্ড করে রিজার্ভ পোলিং পার্টি থেকে কাজ চালানোর নির্দেশ দিল কমিশন।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৭:১২
নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ
নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। নন্দীগ্রামে ১ ব্লকের ভেকুটিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি রাখহরি ঘড়ার উপরে হামলার অভিযোগ।
তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই তৃণমূলের ওই নেতার উপর হামলা করে। রীতিমতো রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে নন্দীগ্রাম হাসপাতালে।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৭:১২
দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার
দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৭৮.৭৭ শতাংশ। প্রথম দফায় দুপুর ৩টে পর্যন্ত ১৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে— ৮১.৪৯ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পঙে— ৭৪.০৭ শতাংশ।
২০২৪ সালের লোকসভা ভোটের সাত দফায় দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছিল ৫৯ থেকে ৭০ শতাংশের মধ্যে (প্রথম দফা: ৬৬.৩, দ্বিতীয় দফা: ৬০.৬, তৃতীয় দফা: ৬৩.১, চতুর্থ দফা: ৬৬.১, পঞ্চম দফা: ৬২.৭, ষষ্ঠ দফা: ৭০.২ এবং সপ্তম দফা: ৫৮.৫ শতাংশ)। এ বারের ভোটদানের হার সেই তুলনায় ন্যূনতম ৯ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ বেশি।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৭:১২
আসনভিত্তিক ভোটের হার দুপুর ৩টে পর্যন্ত
প্রথম দফার নির্বাচনে রাজ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে শমসেরগঞ্জে। সেখানে দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৮৭.৫৩ শতাংশ। বহরমপুরে ভোট পড়েছে ৭৭.৮৭ শতাংশ। ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। নন্দীগ্রামে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৮১.৩ শতাংশ। সেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৫:০২
দুপুর ১টা পর্যন্ত বাংলায় ভোটের হার ৬২.১৮%, জেলায় জেলায় কত?
অশান্তির বিক্ষিপ্ত অভিযোগের মাঝেই প্রথম দফা নির্বাচনে জেলায় জেলায় ভোটদানে ভোটারদের মধ্য ব্যাপক উৎসাহ নজরে পড়ছে। বেলা ১টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৬২.১৮%। গত ছয় ঘণ্টায় ঝাড়গ্রামে ভোট পড়েছে ৬৫.৩১%, বীরভূমে ভোটের হার ৬৩.৯৩%, পুরুলিয়ায় ভোট পড়েছে ৫৯.৮৩%, দার্জিলিং-এ ৫৯.৮১%। কালিম্পংয়ে ভোট পড়ল ৫৯.৫২%, মালদায় ৫৮.৪৫%, মুর্শিদাবাদে ৬২.৭১%, পশ্চিম বর্ধমানে ৬০.৩৭%, পশ্চিম মেদিনীপুরে ৬৫.৭৭%, পূর্ব মেদিনীপুরে ৬২.৯০% , আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৬০.০৩%, বাঁকুড়ায় ৬৪.৫৮%, কোচবিহারে ভোটদানের হার ৬০.৭৫%, দক্ষিণ দিনাজপুরে ৬৩.০৫%, উত্তর দিনাজপুরে ৬০.০০% এবং জলপাইগুড়িতে ৩৯.৫১% ভোট পড়েছে।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৫:০১
দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে ভোট দিতে এসে অসুস্থ এক যুবক
দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে ৮ নম্বর ওয়ার্ডের ১৭১ নম্বর বুথ বুনিয়াদপুর হাই স্কুলে ভোট দিতে এসে অসুস্থ এক যুবক। ভোট দিয়ে বাইরে আসতেই বিডিও অফিসের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। ওই যুবকের নাম প্রশান্ত বর্মন (২৮)। তাঁর বাড়ি বুনিয়াদপুর শহরের ৮ নাম্বার ওয়ার্ড রামকৃষ্ণপল্লি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অসুস্থ যুবককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৫:০১
ভোট দিতে যাওয়ার পথে মৃত আরও এক
ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু হল আরও একজনের। এ বার ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির ১০ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ৬৪ বছর বয়সি ওই বৃদ্ধের নাম অসীম রায়। তিনি সিউড়ির ডাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ভোট দিতে যাওয়ার সময়ে মৃত্যু হল তাঁর।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৫:০১
ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু
ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল দু’জনের। একটি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। অপরটি মালদহের মালতীপুরে। কেশপুরের সিমাগেরিয়া এলাকার বাসিন্দা ইসরাতন বিবি। তিনি সরিষাখোলা অঞ্চলের ২২৫ নম্বর বুথের ভোট দিতে গিয়েছিলেন। ভোট দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মৃত্যু হয় তাঁর। অন্য দিকে মালদহের মালতীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা প্রমীলা বাগদিও ভোটকক্ষে প্রবেশের কিছু ক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পরে মৃত্যু হয় তাঁর।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৪:৫৯
দুপুর ১টা পর্যন্ত ৬২ শতাংশ ভোট
দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে— ৬৫.৭৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে— ৫৮.৪৫ শতাংশ।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৩:২৯
বেলা বারোটা পর্যন্ত কমিশনে ৪৫০ অভিযোগ জমা
প্রথম দফাতেই অভিযোগের পাহাড়! দুপুর বারোটা পর্যন্ত ৪৫০-র বেশি অভিযোগ জমা পড়েছে কমিশনে।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৩:২৯
মুরারইয়ে ভোট চলাকালীন কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ
মুরারইয়ে ভোট চলাকালীন কংগ্রেস-তৃণমূল সংঘর্ষের অভিযোগ। মুরারই বিধানসভার গোরসা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের ঘটনা। ২ কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ২ জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৩:২৭
আসনভিত্তিক ভোটের হার
প্রথম দফায় সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়া বিধানসভা আসনে। সেখানে ভোটের হার ২২.০৫ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে কম পড়েছে কোচবিহার দক্ষিণ আসনে— ১৫.৫৭ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ১৯.১১ শতাংশ। বহরমপুরে ভোট পড়েছে ১৯.৮৮ শতাংশ।
২৩ এপ্রিল, ২০২৬ | ১৩:২৬
সকাল ১১ পর্য্ন্ত ভোটের হার
সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৪.৬৯ শতাংশ। মালদহে সবচেয়ে কম ভোট পড়েছে। সেখানে ভোটের হার ৩৮.২২ শতাংশ।
২০২৪ সালের লোকসভা ভোটের তুলনায় এই হার অনেকটাই বেশি। লোকসভা ভোট হয়েছিল সাত দফায়। ১১টা পর্যন্ত ভোট পড়েছিল ২৮ থেকে ৩৭ শতাংশের মধ্যে (প্রথম দফা: ৩৩.৬, দ্বিতীয় দফা: ৩১.৩, তৃতীয় দফা: ৩২.৮, চতুর্থ দফা: ৩২.৮, পঞ্চম দফা: ৩২.৭, ষষ্ঠ দফা: ৩৬.৯ এবং সপ্তম দফা: ২৮.১ শতাংশ)। অর্থাৎ, এ বারের প্রথম দফায় সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ২০২৪ সালের তুলনায় অন্তত ৪ থেকে সর্বোচ্চ ১৩ শতাংশ বেশি।
নন্দীগ্রামের নির্দল প্রার্থী মহম্মদ নুর ইসলামের এজেন্ট আব্বাস বেগকে হেনস্থা, ধাক্কাধাক্কি, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নন্দীগ্রাম-২ ব্লকের ১৬৯ নং বুথ কমলপুর উচ্চ বিদ্যালয় এর ঘটনা।
২৩ এপ্রিল, ২০২৬ | ১২:৩২
উত্তপ্ত গঙ্গারামপুর
উত্তপ্ত গঙ্গারামপুর, পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর।
গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম দাসকে ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে তপন ব্লকের উত্তর বজরাপুকুর জুনিয়র বেসিক স্কুলে। তৃণমূল প্রার্থীর অভিযোগ, ওই স্কুলের ১৪৮ নম্বর বুথে দলের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। খবর পেয়ে গৌতম দাস ঘটনাস্থলে পৌঁছে সমস্যার সমাধান করেন। তবে একই বিদ্যালয়ের ১৪৯ নম্বর বুথে পর্যাপ্ত আলোর অভাব রয়েছে বলেও অভিযোগ ওঠে।
২৩ এপ্রিল, ২০২৬ | ১২:৩২
কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের
উত্তপ্ত মুর্শিদাবাদ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন সাবিনা ইয়াসমিন। তিনি জানান, সুজাপুর বিধানসভার অন্তর্গত বেলতলারম ১৫৯ নং বুথের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাবেন। সাবিনা ইয়াসমিনের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী পরিচয়পত্র দেখতে গিয়ে সময় নষ্ট করছে।
২৩ এপ্রিল, ২০২৬ | ১২:৩১
একের পর এক গাড়ি ভাঙচুর, ব্যাপক অশান্তি শুরু নওদায়
ভোটে ধুন্ধুমার নওদায়। দফায় দফায় অশান্তির অভিযোগ। একের পর এক গাড়ি ভাঙচুরের অভিযোগ। কবিরের দলের কর্মীদের বিরুদ্ধে অশান্তির অভিযোগ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ূন। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ কেন্দ্রীয় বাহিনীর। ঘটনার রিপোর্ট চাইল কমিশন।
২৩ এপ্রিল, ২০২৬ | ১১:১৪
মহিলা বিএলওকে সতর্কবার্তা শুভেন্দুর
ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে BLO ফোন ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করছেন! এমন অভিযোগ পেয়ে সটান বুথে শুভেন্দু। সতর্ক করলেন মহিলা বিএলওকে। জানা গিয়েছে, আজ সকালে শুভেন্দু অধিকারী তার নিজের বুথ নন্দনায়কবাড়ে ভোট দেন। তারপরেই নন্দীগ্রামের ব্রজমোহন তিওয়ারি হাইস্কুলে পৌঁছন। অভিযোগ ছিল ওই ভোট কেন্দ্রের মহিলা BLO বুথ কেন্দ্রের মধ্যে ফোন ব্যবহার করছেন। এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বুথে পৌঁছে মহিলা বিএলওকে সতর্ক করলেন শুভেন্দু।
২৩ এপ্রিল, ২০২৬ | ১১:১৩
কেন্দ্রীয় বাহিনী ভোট দিচ্ছে: উদয়ন
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগে সরব উদয়ন গুহ। দিনহাটার তৃণমূল প্রার্থীর কথায়, "কেন্দ্রীয় বাহিনী ভোট দিচ্ছে। একজন ভদ্রলোক নাতিকে নিয়ে ভোট দিতে আসেন। সেই নাতিকে সরিয়ে সেন্ট্রাল ফোর্স নিজে ভোট দিচ্ছে।"
২৩ এপ্রিল, ২০২৬ | ১১:১৩
ছাপ্পার অভিযোগে কমিশনে অর্পিতা
একাধিক ভোটারের ভোট আগে হয়ে যাওয়ার অভিযোগ ১৬৪ নম্বর বুথে। নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানালেন বালুরঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ।
শিলিগুড়ির এক বুথে সিপিএম এবং তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে গোলমাল। সেখানে তৃণমূল কর্মীরা বুথের ১০০ মিটারের মধ্যে প্রবেশ করে গিয়েছিলেন বলে অভিযোগ সিপিএমের।
২৩ এপ্রিল, ২০২৬ | ১১:০৯
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল এজেন্টের
সিউড়িতে মল্লিকপুর পঞ্চায়েতের কুতুরা গ্রামের ২৫১ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থীর এজেন্ট রমারঞ্জন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, মহকুমাশাসকের দফতর থেকে দেওয়া বৈধ প্রত্যয়িত পরিচয়পত্র রয়েছে তাঁর কাছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে প্রবেশ করতে দিচ্ছে না। তিনি বলেন, “আমি এসডিও সাহেবকে জানিয়েছি। পুলিশ পর্যবেক্ষককেও জানিয়েছি। কিন্তু এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”
সকাল ৯টা পর্যন্ত আলিপুরদুয়ার ভোট পড়েছে ১৭.৭০ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৫১ শতাংশ। তার পরেই রয়েছে বাঁকুড়া। সেখানে ২০.২০ শতাংশ ভোট পড়েছে। সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে। সেখানে ভোটের হার ১৬.৯৬ শতাংশ।
২৩ এপ্রিল, ২০২৬ | ১০:১০
রাজ্যে ভোটের হার
সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ।
২৩ এপ্রিল, ২০২৬ | ১০:০৯
কোন জেলায় কত ভোট পড়েছে
সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে
আলিপুরদুয়ার ১৭.৭০ শতাংশ
বাঁকুড়া ২০.২০ শতাংশ
বীরভূম ১৯.০১ শতাংশ
কোচবিহার ১৭.৫৬ শতাংশ
দক্ষিণ দিনাজপুর ১৮.৮১ শতাংশ
দার্জিলিং ১৮.৮০ শতাংশ
জলপাইগুড়ি ১৮.৫০ শতাংশ
ঝাড়গ্রাম ১৯.৮৪ শতাংশ
কালিম্পং ১৮.৭৪ শতাংশ
মালদহ ১৬.৯৬ শতাংশ
মুর্শিদাবাদ ১৮.৮৮ শতাংশ
পশ্চিম বর্ধমান ১৯ শতাংশ
পশ্চিম মেদিনীপুর ২০.৫১ শতাংশ
পূর্ব মেদিনীপুর ১৮.৮১ শতাংশ
পুরুলিয়া ১৭.৮৩ শতাংশ
উত্তর দিনাজপুর ১৭.৫৪ শতাংশ
২৩ এপ্রিল, ২০২৬ | ০৭:৩০
ডিউটিতে ডিলিট হওয়া বিএলও!
ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ গেলেও বুথে ভোটের ডিউটিতে হাজির শমসেরগঞ্জের চাচন্ড এলাকার বিএলও মাহমাদুল হাসান। দিন কয়েক আগেই প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে আপার চাচন্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের নাম।
২৩ এপ্রিল, ২০২৬ | ০৭:২৯
কোন জেলায় কত আসন
কোচবিহারে রয়েছে ৯টি আসন।
আলিপুরদুয়ারে আছে ৫টি আসন।
জলপাইগুড়িতে রয়েছে ৭টি আসন।
কালিম্পঙে বিধানসভা আসন রয়েছে ১টি।
দার্জিলিঙে আছে ৫টি আসন।
উত্তর দিনাজপুরে আছে ৯টি আসন।
দক্ষিণ দিনাজপুরে রয়েছে ৬টি আসন।
মালদহে ১২টি বিধানসভা আসন রয়েছে।
মুর্শিদাবাদে রয়েছে ২২টি আসন।
পূর্ব মেদিনীপুরে আছে ১৬টি আসন।
পশ্চিম মেদিনীপুরে রয়েছে ১৫টি আসন।
ঝাড়গ্রামে ৪টি বিধানসভা আসন রয়েছে।
পুরুলিয়ায় ৯টি আসন রয়েছে।
বাঁকুড়ায় রয়েছে ১২টি আসন।
পশ্চিম বর্ধমানে রয়েছে ৯টি আসন।
বীরভূমে আছে ১১টি আসন।
২৩ এপ্রিল, ২০২৬ | ০৭:২৯
মক পোলিংয়ের সময়ে ইভিএম-এ ত্রুটি!
বহরমপুর বিধানসভা কেন্দ্রের ১১৯ নম্বর বুথে ইভিএম-এ, মক পোলিংয়ের সময় ধরা পড়ে ত্রুটি। ভোট শুরুতে কিছুটা বিলম্ব। দ্রুত ইভিএম বদলে ফের শুরু হয় ভোট প্রক্রিয়া।
২৩ এপ্রিল, ২০২৬ | ০৭:২২
গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার ডাক মোদির
মোদি লেখেন, 'পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।'
২৩ এপ্রিল, ২০২৬ | ০৭:১০
প্রথম দফায় একাধিক স্পর্শকাতর বুথে ভোট
প্রথম দফার ভোটে ৯ থেকে ১০ হাজারটি স্পর্শকাতর বুথ রয়েছে
২৩ এপ্রিল, ২০২৬ | ০৭:১০
প্রথম দফায় মোট ৪৪,৩৭৬টি বুথে ভোটগ্রহণ
বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট ৪৪,৩৭৬টি বুথে ভোটগ্রহণ হবে
২৩ এপ্রিল, ২০২৬ | ০৭:১০
প্রথম দফায় দায়িত্বে ৫ লক্ষ ভোটকর্মী
বিধানসভা ভোটের প্রথম দফায় দায়িত্বে রয়েছেন ৫ লক্ষ ভোটকর্মী
২৩ এপ্রিল, ২০২৬ | ০৭:০৭
১৬ জেলায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ
সাতটা বাজতেই বুথে বুথে শুরু ভোট গ্রহণ। তার আগেই বিভিন্ন জেলায় বুথের বাইরে লম্বা লাইন পড়ে গিয়েছে।
২৩ এপ্রিল, ২০২৬ | ০৭:০৫
ভোটারদের অংশগ্রহণ ও সময়
সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে সন্ধ্যা ৬টার সময় যারা লাইনে থাকবেন, তারা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী, প্রথম দফায় প্রায় ৩.৬ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
লাইভ আপডেট শেষ
WB Election 2026 Phase 1 Stats – বাংলার মাটিতে আজ গণতন্ত্রের মহারণ! উত্তপ্ত রোদে পুড়ছে মাঠ-ঘাট, আর তার চেয়েও বেশি উত্তপ্ত বাংলার রাজনৈতিক আঙিনা। আজ ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। এই ১৫২টি আসনই ঠিক করে দেবে আগামী পাঁচ বছর বাংলার মসনদ কার দখলে থাকবে। বুথে বুথে লম্বা লাইন, কড়া নিরাপত্তা আর টানটান উত্তেজনায় কাঁপছে বাংলা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ১৫২টি আসনেই ৩ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার ১৪২ জন মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন। সে বার ভোটের হার ছিল ৮৩.২ শতাংশ। সামগ্রিকভাবে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৭৮ লক্ষ ১৫ হাজার ২৮৮।
তবে ২০২৬-এর আগে ভোটার তালিকা সংশোধনের (SIR) ফলে মোট ভোটারের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন। মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪৬৫ জন।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে জল গড়িয়েছিল ট্রাইবুনাল পর্যন্ত। অনেকেই নিজেদের ভোটাধিকার ফিরে পেতে আবেদন করেছিলেন। সেখান থেকে অবশেষে স্বস্তির খবর মিলেছে।
তালিকায় নাম ফেরাতে মরিয়া হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন বঞ্চিতদের একাংশ। আইনি চুলচেরা বিশ্লেষণের পর সেখান থেকে শেষ মুহূর্তে ‘যোগ্য’ হিসেবে ছাড়পত্র পেয়েছেন আরও ১৩৯ জন ভোটার। আজ তাঁরা ভোট দেবেন বুক ফুলিয়ে।
শুধু অন্তর্ভুক্তি নয়, স্বচ্ছতা বজায় রাখতে ট্রাইব্যুনাল ছিল কঠোর। তথ্যগত ত্রুটি এবং অযোগ্যতার কারণে আগের তালিকা থেকে ৮ জনের নাম চূড়ান্তভাবে বাদ দিয়েছে আদালত। অর্থাৎ, একটি একটি ভোটের লড়াইয়ে বিন্দুমাত্র ফাঁক রাখতে নারাজ কমিশন ও আদালত।