
২০২৬ বিধানসভা নির্বাচনের অন্তিম লগ্নে নবান্ন দখলের লড়াই: তৃণমূল, বিজেপি এবং বাম-আইএসএফ জোটের ত্রিমুখী লড়াইয়ে সরগরম বাংলা
🔴 লাইভ আপডেট
২৮ এপ্রিল, ২০২৬ | ১৩:০১
TMC কর্মীকে আটক করল বাহিনী
বালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং বুথ সভাপতি-সহ একাধিক তৃণমূল কর্মীকে সোমবার রাতে আটক করা হয়। এদের আটক করে কেন্দ্রীয় বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। বালির সতীশ চক্রবর্তী লেন, বালি পুরানো পোস্ট অফিস-সহ একাধিক এলাকা থেকে এদের আটক করা হয়।রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র।
২৮ এপ্রিল, ২০২৬ | ১৩:০০
অমিত শাহের বিরুদ্ধে মামলা দায়ের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করার আবেদন কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আইনজীবী বুধবার বিচারপতি কৃষ্ণা রাও-এর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে তাঁর বক্তৃতার মধ্যে একটি বিশেষ ধর্মের মানুষদের উদ্দেশে উস্কানিমূলক মন্তব্য করেছেন।
২৮ এপ্রিল, ২০২৬ | ১৩:০০
১৯ বুথ বাড়ানো হল উত্তর ২৪ পরগনায়
দেশের সর্বাধিক জনবহুল উত্তর ২৪ পরগনা জেলা। ৫টি লোকসভা আসন এবং ৩৩টি বিধানসভায় মোট ভোটার প্রায় ৭৫ লক্ষ। ৮৮৭০ টি বুথের জন্যে ৩৩টি DCRC কাউন্টার করা হয়েছে। ২০২১-র তুলনায় এ বার ১৯ বুথ বাড়ানো হয়েছে বলে নির্বাচন সূত্রে জানানো হয়েছে ।
২৮ এপ্রিল, ২০২৬ | ১২:৫৯
হাওড়ার পোলিং এজেন্টদের বিক্ষোভ
পশ্চিমবঙ্গে আগামিকাল দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে জোরকদমে প্রস্তুতি চলছে। তবে এর মধ্যেই হাওড়া থেকে উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র—অনেক পোলিং আধিকারিকই এখনও নিজেদের ভোট দিতে পারেননি। এই পোলিং আধিকারিকদের বক্তব্য, তাঁরা হাওড়ার শরৎ সদনে প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাননি। এমনকী পোস্টাল ব্যালট ভোটকেন্দ্রে গিয়েও জানতে পারেন, তালিকায় তাঁদের নাম নেই।
২৭ এপ্রিল, ২০২৬ | ২২:০২
রাজ্যে গ্রেফতার ১৫৪৩ জন
আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। এর মধ্যেই ১৪২টি কেন্দ্র থেকে মোট ১৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। অশান্তির সঙ্গে যুক্ত বা অশান্তি করতে পারেন এই আশঙ্কায় এমন ব্যক্তিদের চিহ্নিত করা এবং গ্রেফতার করা হয়েছে। রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার লক্ষ্যেই এত জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
২৭ এপ্রিল, ২০২৬ | ২২:০১
তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধার
ভাগীরথী থেকে তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধার। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বৈকুণ্ঠপুর এলাকায়। মৃতের নাম নাজির শেখ (৫১)। বাড়ি লালগোলা থানার লালগোলা পঞ্চায়েতের ফকিরপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
২৭ এপ্রিল, ২০২৬ | ২২:০১
অগ্নিগর্ভ হালিশহর
ভোটের দু’দিন আগে গুলি চলল উত্তর ২৪ পরগনায় হালিশহরে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময়ে হালিশহরে নয় নম্বর ওয়ার্ড মুড়ি ভাজা কলোনিতে চার-পাঁচটা বাইক আসে। প্রসেনজিৎ মল্লিক ওরফে রাজা নামে এক তৃণমূল কর্মীকে গুলি করা হয় বলে অভিযোগ রাজা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। তিনি একাই ছিলেন। দুষ্কৃতীরা গুলি করে বেরিয়ে যায়। রাজাকে কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই বিজেপি সব করছে বলে তৃণমূলের অভিযোগ।
২৭ এপ্রিল, ২০২৬ | ২২:০০
হুগলিতে BJP প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ
হুগলির শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিজেপি প্রার্থী এলাকায় টাকা বিলি করছিলেন বলে অভিযোগ। শ্রীরামপুরের তালপুকুরে বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্যে গাড়ি ঘিরে ধরে তৃণমূলের কর্মী, সমর্থকেরা। ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ।
২৭ এপ্রিল, ২০২৬ | ১৪:৩৭
১৮৫৭ সালে এই ব্যারাকপুরে স্বাধীনতার প্রথম লড়াই শুরু হয়েছিল
প্রধানমন্ত্রীর কথায়, ‘১৮৫৭ সালে এই ব্যারাকপুরে স্বাধীনতার প্রথম লড়াই শুরু হয়েছিল। এই মাটিই শক্তি জুগিয়েছিল। এই মাটি ফের বাংলায় পরিবর্তনের পথ প্রশস্ত করছে। তাই এখন একটাই ধ্বনি, পাল্টানো দরকার।’
২৭ এপ্রিল, ২০২৬ | ১৪:৩৭
বাংলার মন যা বুঝছি, এ বার পদ্মফুলই ফুটবে
প্রধানমন্ত্রী বলেন, ‘এ বার বাংলায় রোড শো ছিল আমার তীর্থযাত্রার মতো। সভায় আসার পথে প্রচুর উদ্দীপনা নজরে এসেছে। বাংলার মন যা বুঝছি, এ বার পদ্মফুলই ফুটবে। এখানে একটাই ফুল রয়েছে, সেটা পদ্মফুল।’
২৭ এপ্রিল, ২০২৬ | ১৪:৩৬
ক্ষমতায় এলে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, কেউ কি পেয়েছেন?
নদিয়ার হরিণঘাটায় প্রচার মঞ্চ থেকে বিজেপিকে তোপ তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘বিজেপি এলে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, কেউ কি পেয়েছেন? গায়ের জোরে মতুয়াদের নাম কেটেছে।’
২৭ এপ্রিল, ২০২৬ | ১২:২০
পরিবর্তনের ডাক
যা দেখলাম, ৪ মের পরে রাজ্যে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমাকে আসতেই হচ্ছে’! ভাটপাড়ায় বললেন মোদি। বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। সোমবার দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন। ব্যারাকপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
২৭ এপ্রিল, ২০২৬ | ১২:২০
সিআরপিএফের গাড়িতে ভোটপ্রচার নীতীন নবীনের
বাংলায় বিজেপির প্রচারে সিআরআরপিএফের গাড়ি ব্যবহারের অভিযোগ উঠল বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও শেয়ার করে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
২৭ এপ্রিল, ২০২৬ | ১২:১৯
শওকতের উপর ‘হামলা’ আইএসএফের
দিনকয়েক আগে ভোটপ্রচারে গিয়ে শওকত মোল্লার প্রাণহানির আশঙ্কা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু হলে ছাড়বেন না বলেও হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। রবিবার রাতে যেন সেই আশঙ্কাই সত্যি হল। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার উপর হামলার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হন। পরিকল্পিত হামলা বলেই দাবি শওকতের। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।
২৭ এপ্রিল, ২০২৬ | ১২:১৮
গ্রেফতার তৃণমূল কাউন্সিলার-সহ ৪
ভোটের শেষ প্রচারের আগেই ধুন্ধুমার উত্তর ২৪ পরগনার জগদ্দলে। রবিবার রাতে জগদ্দল থানার সামনে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল রাউত। এ ছাড়াও ধৃতদের তালিকায় আছেন কৌশিক দাস, সিকান্দর প্রসাদ, শ্যামদেব সাউ। এ দিকে গোপাল রাউতকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল।
২৫ এপ্রিল, ২০২৬ | ১২:৪৯
কাকা–ভাইপোর ভোটযুদ্ধ
দ্বিতীয় দফার ভোটে পঞ্চমুখী লড়াইয়ের সম্মুখীন হতে চলেছে কাটোয়া। একদিকে ৩০ বছরের বিধায়ক তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই আসনে ভোটের লড়াইয়ে রয়েছেন তাঁরই আপন ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে রবীন্দ্রনাথের ছেড়ে আসা হাত চিহ্ন নিয়ে লড়ছেন তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে। বিজেপি দাঁড় করিয়েছে কাটোয়া সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি কৃষ্ণ ঘোষকে। পর পর দু’বার কাটোয়া আসনে কংগ্রেসের সঙ্গে জোটের পরে এ বার প্রার্থী দিয়েছে বামেরাও। পেশায় শিক্ষক সঞ্জীব দাস লড়ছেন সিপিএমের হয়ে। আবার আম জনতা উন্নয়ন দলের হয়ে এই কেন্দ্রে লড়ছেন সিপ্পি তিওয়ারি।
২৫ এপ্রিল, ২০২৬ | ১২:৪৮
বিরবাহা হাঁসদার পাইলট কারের দুর্ঘটনা
দুর্ঘটনার কবলে বিদায়ী মন্ত্রী বিরবাহা হাঁসদার পাইলট কার। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে মন্ত্রীর পাইলট কারে ধাক্কা কন্টেনারের। উলুবেড়িয়ার বীরশিবপুর ফ্লাইওভারে ঘটেছে ঘটনাটি। সুরক্ষিত আছেন বিরবাহা হাঁসদা বলে জানা গিয়েছে।
২৫ এপ্রিল, ২০২৬ | ১২:৪৮
হুমায়ূন কবিরের দলে ভাঙন
দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের তিনদিন আগে আম জনতা উন্নয়ন পার্টিতে ফের ভাঙন। শনিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শেখ হাবিব যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার সকালে উলুবেড়িয়া কলেজের সামনে তৃণমূলের দলীয় কার্যালয়ে দলে যোগ দেওয়া হাবিবের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী পুলক রায়।
২৪ এপ্রিল, ২০২৬ | ১৫:২০
বালিগড় ও পুড়শুড়ায় অমিত শাহের প্রচার: ‘দিদি’র দিন শেষ’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ হুগলির বালিগড় ও পুড়শুড়ায় দুটি বড় নির্বাচনী জনসভা করেন। তিনি দাবি করেন, প্রথম দফার ৯২ শতাংশের বেশি ভোট প্রমাণ করে দিয়েছে যে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। শাহ হুঙ্কার দিয়ে বলেন, ‘দিদির সময় শেষ হয়ে এসেছে, এবার বাংলার ভূমিপুত্রই হবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।
২৪ এপ্রিল, ২০২৬ | ১৫:১৯
দ্বিতীয় দফার আগে ওয়েবকাস্টিং-এর মহড়া শুরু
আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ সকাল ১০টা থেকে রাজ্যজুড়ে বুথগুলিতে ‘ওয়েবকাস্টিং’-এর ট্রায়াল রান শুরু করেছে নির্বাচন কমিশন। তিনটি শিফটে এই মহড়া চালানো হচ্ছে যাতে ভোটের দিন প্রতিটি বুথের সরাসরি নজরদারিতে কোনো প্রযুক্তিগত ত্রুটি না থাকে। কমিশন জানিয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে দ্বিতীয় দফাতেও সব বুথে সিসিটিভি ক্যামেরা ও ওয়েবকাস্টিং বাধ্যতামূলক থাকছে।
২৪ এপ্রিল, ২০২৬ | ১৫:১৮
যাদবপুরের জনসভায় মোদি
আজ দুপুরে কলকাতার যাদবপুর বিধানসভা কেন্দ্রের জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন যে, ‘অনুপ্রবেশ’ এবং তৃণমূলের ‘দুর্নীতি’র কারণে বাংলার মেধাবী যুবকরা আজ কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, ৫ মের পর বিজেপি সরকার গঠন হলে বাংলার যুবকদের জন্য এখানেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
২৪ এপ্রিল, ২০২৬ | ১৫:১৭
হুগলি নদীতে মোদির নৌকা বিহার
আজ শুক্রবার ভোরে কলকাতার হুগলি নদীতে নৌকা বিহারের মাধ্যমে দিন শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, "গঙ্গা প্রতিটি বাঙালির হৃদয়ে এবং বাংলার আত্মার মধ্যে প্রবাহিত হয়।" নৌকায় বসে হাতে ক্যামেরা নিয়ে তাকে ফটোগ্রাফি করতেও দেখা যায়।
২৪ এপ্রিল, ২০২৬ | ১৫:১৭
অশান্তির অভিযোগে কমিশনের কড়া দাওয়াই
প্রথম দফার ভোটে মুর্শিদাবাদ ও ডোমকল সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ ও বিজেপি প্রার্থীদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে আজ তৎপর হয়েছে কমিশন। নিরাপত্তার গাফিলতি ও পক্ষপাতের অভিযোগে হিঙ্গলগঞ্জ থানার ওসি-কে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় দফার জন্য কেন্দ্রীয় বাহিনীর নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৪ এপ্রিল, ২০২৬ | ১৫:১৬
পানিহাটির সভা থেকে ‘পরিবর্তন’ বার্তা
আজ উত্তর ২৪ পরগনার পানিহাটিতে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিপুল ভোটদানকে তৃণমূল সরকারের ‘বিদায় ঘণ্টা’ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, ৪ মে ফলাফল ঘোষণার পর রাজ্যে ‘সিন্ডিকেট রাজ’ ও দুর্নীতির অবসান ঘটবে। এই সভা থেকে তিনি আরজি কর ইস্যু এবং নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন।
২৪ এপ্রিল, ২০২৬ | ১৫:১৩
বঙ্গে রেকর্ড ভোটদান: ১৯৫১ সালের পর সর্বোচ্চ হার
গতকাল সম্পন্ন হওয়া প্রথম দফার নির্বাচনে রাজ্যে রেকর্ড ৯২.৭২ শতাংশ ভোট পড়েছে বলে আজ নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। দক্ষিণ দিনাজপুর (৯৪.৯৮%) এবং কোচবিহারে (৯৪.৭৫%) ভোটের হার সবচেয়ে বেশি ছিল, যা স্বাধীনতার পর বাংলায় আয়োজিত যেকোনো নির্বাচনে সর্বোচ্চ ভোটদানের নজির গড়েছে।
লাইভ আপডেট শেষ
WB Phase 2 Voting News- প্রথম দফার ভোটগ্রহণ শেষ হতেই এবার নজর ২৯ এপ্রিলের দিকে। আগামী বুধবার রাজ্যের ১৪২টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় তথা ‘আখেরি’ দফার বিধানসভা নির্বাচন। আজ ২৪ এপ্রিল, ভোটের ঠিক পাঁচ দিন আগে রাজনৈতিক মহলে চূড়ান্ত ব্যস্ততা তুঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বড় অংশ এবং শিল্পাঞ্চলগুলোতে কারা শেষ হাসি হাসবে, তা ঘিরেই এখন সব জল্পনা।
শহর থেকে গ্রাম—সর্বত্রই এখন সাজ সাজ রব। শাসক থেকে বিরোধী, সব শিবিরই শেষ মুহূর্তের ঘুঁটি সাজাতে ব্যস্ত। নবান্নের মসনদ দখলে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস যেমন হেভিওয়েট প্রচার চালাচ্ছে, তেমনই পাল্লা দিয়ে পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি। পিছিয়ে নেই বাম-আইএসএফ জোটও। আজকের এই প্রস্তুতি পর্বে বিভিন্ন এলাকায় রোড-শো, ছোট সভা আর বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে ভোটারদের মন জয়ের শেষ চেষ্টা চলছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকেও প্রস্তুতিতে কোনো খামতি রাখা হচ্ছে না। সংবেদনশীল বুথগুলোতে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন পরীক্ষার পাশাপাশি ভোটকর্মীদের প্রশিক্ষণও চূড়ান্ত পর্যায়ে। গরমের কথা মাথায় রেখে বুথগুলোতে বিশেষ পানীয় জল ও ছায়ার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে (WB Phase 2 Voting News)।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান—সবখানেই এখন একটাই প্রশ্ন, ২৯ এপ্রিলের ‘ফাইনাল’ ম্যাচে নবান্নের চাবিকাঠি কার হাতে যাবে? গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসবে শরিক হতে সাধারণ মানুষও মুখিয়ে আছেন। আজকের এই চূড়ান্ত প্রস্তুতির মেজাজই বলে দিচ্ছে, আগামী বুধবার বাংলা এক টানটান উত্তেজনার সাক্ষী হতে চলেছে।