West Bengal Assembly Speaker 2026: ​অষ্টাদশ বিধানসভার নতুন স্পিকার কোচবিহারের রথীন্দ্রনাথ বসু, ইতিহাস গড়ল উত্তরবঙ্গ

ভারত - প্রকাশিত: ১৫ মে ২০২৬, দুপুর ১২:৪১
IMG 20260515 WA0007

West Bengal Assembly Speaker 2026- পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হলেন উত্তরবঙ্গের ভূমিপুত্র তথা কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। বিধানসভার ইতিহাসে এই প্রথম উত্তরবঙ্গ থেকে কেউ স্পিকার পদে আসীন হলেন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং সংঘের সঙ্গে যুক্ত রথীন্দ্রনাথ উত্তরবঙ্গের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। বৃহস্পতিবারই অষ্টাদশ বিধানসভার স্পিকার পদের জন্য তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁর নাম প্রস্তাব করেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দীপক বর্মণ ও অগ্নিমিত্রা পাল এবং সমর্থন জানিয়েছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিশাল লামা ও মালতী রাভা রায় (West Bengal Assembly Speaker 2026)।

শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন স্পিকার হিসেবে রথীন্দ্রনাথ বসুর নাম প্রস্তাব করেন। নতুন স্পিকারকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তাপস রায়। স্পিকার নির্বাচনের পর বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভা মারামারির জায়গা নয়, এখানে গঠনমূলক বিরোধিতা প্রয়োজন। সংবিধানের পরিভাষা উল্লেখ করে তিনি জানান, ‘House belongs to the Opposition’ বা বিধানসভা আসলে বিরোধীদেরই জায়গা। একই সঙ্গে সরকার ও বিরোধী পক্ষ যাতে বিধানসভায় সমানভাবে অর্থাৎ ৫০-৫০ ভাগে বক্তৃতার সুযোগ পায়, মুখ্যমন্ত্রী সেই আশ্বাসও দিয়েছেন।

রথীন্দ্রনাথ বসু স্পিকার নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তৃতার শেষে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিরোধী দলনেতার সেই বক্তৃতায় ভোট পরবর্তী হিংসার অভিযোগের প্রসঙ্গ উঠে আসে, যার পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী। এরপর একে একে নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক তথা প্রোটেম স্পিকার তাপস রায়, আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ূন কবির এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

Scroll to Top