Bengal Assembly Elections 2026: জওয়ানকে দিয়ে দলীয় পতাকা বইয়ে বিতর্কে বিজেপি নেতা Niladri Sekhar Dana
CAPF jawan:
আধা সেনা জওয়ানকে (Bengal Assembly Elections 2026) দিয়ে দলীয় পতাকা বইয়ে বিতর্কে বিজেপি নেতা নিলাদ্রিশেখর দানা। আসন্ন নির্বাচনে বাঁকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী তিনি। জানা গেছে, নির্বাচনী প্রচারে বেরিয়ে এহেন অপ্রীতিকর ঘটনা ঘটান তিনি। বাঁকুড়ার এই ঘটনার ছবি ভাইরাল হতেই তুমুল শোরগোল চারিদিকে। প্রার্থিপদ খারিজের দাবিতে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। চরম বিতর্কের মুখে বাঁকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী নিলাদ্রিশেখর দানা। বিতর্কের মুখে পড়ে ওই প্রার্থীর সাফাই, যাঁরা এখনও পদ্মফুল হাতে তুলে নেননি, তাঁরা দেশদ্রোহী (Bengal Assembly Elections 2026)।
এক ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে দিয়ে দলীয় প্রতীকের কাটআউট কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে , গাড়িতে চড়ে বিজেপি প্রার্থী নিলাদ্রিশেখর একটি গ্রামে প্রচারে গিয়েছেন। গাড়ি থেকে নামার পর তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনীকে জওয়ানকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন। আর তারপরেই ওই জওয়ান গাড়ির পিছন থেকে পদ্মফুলের বেশ কিছু কাটআউট বের করে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীদের দিকে এগিয়ে দিচ্ছেন। মুহূর্তের মধ্যে সেই ক্লিপ ভাইরাল হয়ে যায়। তারপর ওই প্রার্থীর প্রার্থিপদ খারিজের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিজেপির গতবারের বিধায়ক ও এবারের প্রার্থী নীলাদ্রিশেখর তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের ভোটের প্রচারে নামিয়ে দিয়েছেন। বিজেপি সরকার, কমিশন, বাহিনী সব মিলিয়ে ফেলেছে। এটা হতে পারে! আধাসেনার জওয়ানেরা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করবেন কেন?












