‘অসাংবিধানিক’ ‘G RAM G’ রুখতে শীর্ষ আদালতে যাচ্ছে কংগ্রেস
মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন বদলে নয়া বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G (সংক্ষেপে জি রাম জি) আইন এনেছে কেন্দ্র। যা নিয়ে বিতর্কের অন্ত নেই।
এবার সেই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্ট যাচ্ছে কংগ্রেস। অভিযোগ, মূলত প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ দিতেই নয়া বিল নিয়ে আসা হয়েছে। উক্ত বিল অসাংবিধানিক।
সংসদে সংখ্যাধিক্যের বলে পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। তাই এই বিল রুখতে সুপ্রিম কোর্টে যাবে কং। একই সঙ্গে সোমবার থেকে ৪৭ দিনের মনরেগা (MGNREGA)বাঁচাও আন্দোলনও শুরু করছে হাত শিবির।
বলা বাহুল্য, গ্রামের মানুষদের কাছে গত কুড়ি বছর ধরে MGNREGA শুধু রোজগারের একটি নিশ্চয়তা ছিল না। মনরেগা ছিলকাজের আইনি অধিকার।
সরকারের কাছে কাজ চাইলে, বছরে ১০০ দিন কাজ দিতেই হবে। সময়ের মধ্যে মজুরির টাকাও দিতে হবে । এবার সেই আইন বাতিল করে নতুন ব্যবস্থা আনতে চলেছে নরেন্দ্র মোদি সরকার।
সংসদে বিল পর্যন্ত পেশ হয়েছে। সেই বিলের নাম নাম—বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বিল, সংক্ষেপে ভিবি জি রাম জি বিল ( VB G RAM G bill)।
সরকারের দাবি, ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে পৌঁছতে গ্রামীণ কর্মসংস্থানের কাঠামো বদলানো জরুরি। কিন্তু বিরোধীদের অভিযোগ, এই বিল আসলে গরিব মানুষের কাজের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। তাই সংশ্লিষ্ট বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস।












