Amit shah: ‘রবীন্দ্রনাথ সান্যাল’ মন্তব্যে বিতর্ক, অমিত শাহের অজ্ঞতাকে কড়া ভাষায় ধুয়ে দিল তৃণমূল
সুমিত দে কলকাতা: ফের বাঙালি মনীষীদের প্রতি অসম্মান এবং বাংলার ইতিহাস সম্পর্কে (amit shah) বিজেপি নেতৃত্বের অজ্ঞতা প্রকাশ্যে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে উঠে এল বিতর্কিত মন্তব্য—রবীন্দ্রনাথ ঠাকুর ও বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের নাম গুলিয়ে এক করে বলেন “রবীন্দ্রনাথ সান্যাল”। এই মন্তব্য ঘিরে তীব্র কটাক্ষে সরব হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অমিত শাহের এই বক্তব্য সামনে আসতেই তৃণমূলের পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পাল্টা আক্রমণ শানানো হয়। তৃণমূল লেখে, “রবীন্দ্রনাথ সান্যাল? না, মি. অমিত শাহ।
একজন রবীন্দ্রনাথ ঠাকুর, অন্যজন শচীন্দ্রনাথ সান্যাল—দু’জন দুই প্রবাদপ্রতিম মানুষ। বহিরাগত বিজেপির সাংস্কৃতিক সাক্ষরতা শূন্য। আমাদের মনীষীদের নিয়ে আলোচনা বন্ধ করুন। আগে হোমওয়ার্ক করুন।”
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নেতৃত্বের ঘন ঘন বাংলা সফরের মাঝেই ফের সাংস্কৃতিক বিভ্রাট সামনে এল বলে দাবি তৃণমূলের।
তাদের বক্তব্য, বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও মনীষীদের সম্পর্কে ন্যূনতম জ্ঞান না রেখেই বিজেপি নেতারা বক্তব্য রাখছেন, যা বারবার বাঙালির আবেগে আঘাত করছে।
তৃণমূল আরও অভিযোগ করে, এই মন্তব্য প্রমাণ করে বিজেপি নেতৃত্ব বাংলার ইতিহাস ও ঐতিহ্য থেকে কতটা বিচ্ছিন্ন। দলের দাবি, বিজেপির এই “ভ্রান্তিবিলাস” আসলে বাংলাবিরোধী মানসিকতারই প্রতিফলন।
সব মিলিয়ে, অমিত শাহের মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল রাজ্যে। বাংলার মনীষীদের সম্মান রক্ষায় তৃণমূল আপসহীন বলেই স্পষ্ট বার্তা দিল শাসকদল।












