West Bengal assembly Elections: কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে তৃণমূলের প্রাক্তন সভাপতির স্বামী আশরাফুল
হরিশ্চন্দ্রপুর -২ পঞ্চায়েত সমিতির সভাপতি
উমার ফারুক,হরিশ্চন্দ্রপুর: মালদার ৪৬ হরিশ্চন্দ্রপুর বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সঙ্গে (West Bengal assembly Elections) সোমবার নির্বাচনী সমাবেশে একই মঞ্চে দেখা গেল হরিশ্চন্দ্রপুর -২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি জুবেদার স্বামী আশরাফুল হক কে। ব্লক কংগ্রেসের দাবি, আশরাফুল হক রবিবার রাতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। তার হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। যদিও তার যোগদানকে গুরুত্ব দিতে নারাজ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তার যোগদানে দলের কোনও ক্ষতি হবে না বলেই দাবি তৃণমূলের।
যদিও মোস্তাক আলম বলেন, তৃণমূল থেকে বহু মানুষ কংগ্রেসের পতাকা ধরছেন নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে।
এই প্রসঙ্গে আশরাফুল হক বলেন, আমি জাতীয় কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি এবং ৪৬ হরিশ্চন্দ্রপুর বিধানসভার জাতীয় কংগ্রেস (West Bengal assembly Elections) প্রার্থী মোস্তাক আলমের হয়ে সদলবলে জোরদার প্রচারও শুরু করেছি। কংগ্রেসে যোগদান করার কারণ সম্পর্কে তিনি বলেন,আমার স্ত্রী ২০১৮- ২০২৩ সাল পর্যন্ত হরিশ্চন্দ্রপুর -২ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমিও দলের যুব নেতৃত্ব হিসেবে কাজ করেছি। কিন্তু এখন বুঝতে পারছি বিজেপি ও তৃণমূলের মধ্যে কোনও তফাৎ নেই এই উভয় দলের মধ্যে ‘সেটিং ‘ রয়েছে। ওয়াকফ থেকে এসআইআর ইস্যুতে তৃণমূল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তাই কংগ্রেসে যোগদান করেছি।
যদিও হরিশ্চন্দ্রপুর -২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাবারক হোসেন বলেন, আশরাফুল হকের সঙ্গে দলের দীর্ঘদিন ধরেই সম্পর্ক নেই। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। ফলে তিনি কোথায় কোন দলে গেলেন তাতে আমাদের কিছু যায় আসে না।












