Save constitution: উত্তরবঙ্গে সংবিধান রক্ষা সভা
উত্তর দিনাজপুর ও কোচবিহারে জেলা কমিটি গঠন
দেশের সংবিধান (save constitution) ও ধর্মনিরপেক্ষতার উপর বাড়তে থাকা আশঙ্কা ও বিতর্কিত কয়েকটি কেন্দ্রীয় আইনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তরবঙ্গের দুই জেলা উত্তর দিনাজপুর ও কোচবিহার-এ ধারাবাহিকভাবে সংবিধান রক্ষার সভা অনুষ্ঠিত হল। দুই জেলাতেই সংবিধান বাঁচাও গণ মঞ্চ-এর জেলা কমিটি গঠন করা হয়।
মঞ্চের নেতৃত্ব জানায়, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দশটিরও বেশি বিতর্কিত আইন পাশ করেছে, যা দেশের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টানসহ সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
পাশাপাশি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ (babri mosque) ধ্বংসের ঘটনার প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, সাম্প্রদায়িক শক্তি আবারও দেশে অশান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
৬ ডিসেম্বর — উত্তর দিনাজপুর
বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে স্মরণ করে উত্তর দিনাজপুরে অনুষ্ঠিত সভায় দেশের সাংবিধানিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানানো হয়। কালো কাপড় পরে এদিন উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠন করা হয়।
৭ ডিসেম্বর — কোচবিহার
পরদিন কোচবিহারে সংবিধান রক্ষার সভা অনুষ্ঠিত হয় এবং কোচবিহার জেলা কমিটি গঠিত হয়। বক্তারা আইনের শাসন, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
দুই জেলার কর্মসূচিতে উপস্থিত ছিলেন— ফিরোজ আহমেদ, (সাধারণ সম্পাদক) শ্রীমন্ত রায়(সুপ্রিম কোর্টের আইনজীবী, কার্যকরী সভাপতি), দেবারুন রায় (প্রখ্যাত সাংবাদিক ও মুখপাত্র) সাজিদুর রহমান (উত্তরবঙ্গ পর্যবেক্ষক ও রাজ্য সম্পাদক) , আবদুল জলিল আহাম্মেদ (সভাপতি, বার অ্যাসোসিয়েশন)। এছাড়া বিভিন্ন সমাজকর্মী, আইনজীবী ও বিশিষ্টজনেরা।
এদিনের অনুষ্ঠানে নেতৃবৃন্দ জানান, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় সংবিধান রক্ষা ও আইনি সচেতনতা বাড়াতে ব্যাপক জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হবে।












