Rahul Arunoday Banerjee: অভিনেতার মৃত্যুতে উঠছে প্রশ্ন

শো-বিজ - প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, দুপুর ১:৫৪
694e3c61 f767 4856 bcb4 01943e648dba

🔴 লাইভ আপডেট

৩০ মার্চ, ২০২৬ | ১৯:৪৭

চোখের জলে শেষবিদায়

শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। এদিন শববাহী গাড়ি ঘিরে জনতার ঢল নামে। প্রিয় সহ-অভিনেতা রাহুলকে চোখের জলে শেষবিদায় জানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সাহেব চট্টোপাধ্যায়, রিমঝিম মৈত্র, সায়নী ঘোষ-সহ টলিপাড়ার বিশিষ্টরা।
৩০ মার্চ, ২০২৬ | ১৯:৪৬

পঞ্চভূতে বিলীন রাহুল

শেষকৃত্য সম্পন্ন হল অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। চোখের জলে ভিজে কেওড়াতলা থেকে বেরলেন স্ত্রী প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন আত্মীয় পরিজন, প্রতিবেশী, ছোটবেলার বন্ধুরা।
৩০ মার্চ, ২০২৬ | ১৬:৩৫

শববাহী গাড়িতে চেপে বাড়িতে ফিরলেন রাহুল

ময়নাতদন্ত শেষে অবশেষে তমলুক থেকে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ পৌঁছল বিজয়গড়ে। বাড়ির সামনে প্রিয়জন, সহকর্মী ও অনুরাগীদের উপচে পড়া ভিড়।
৩০ মার্চ, ২০২৬ | ১৪:২৮

সহজের জন্য 'সহজ ' হয়েছিল রাহুল-প্রিয়াঙ্কা

কৈশোরের প্রেম। চিরদিনই তুমি যে আমারের সাফল্যের ঘোর কাটবার আগেই রাহুলের গলায় মালা দেন প্রিয়াঙ্কা। ১৬ বছরের দাম্পত্য ছিল চড়াইউতরাইয়ে ভরা। তবে ছেলে সহজের জন্য জন্য ফের এক হওয়ার সিদ্ধান্ত নেন রাহুল-প্রিয়াঙ্কা। ২০২২ সাল থেকে একটু একটু করে ফের কাছাকাছি আসছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। পুজো, দোল, সব অনুষ্ঠানেই একসঙ্গেই সেলিব্রেট করতে দেখা গিয়েছিল তাদের। ওই বছর প্রিয়াঙ্কার জন্মদিনেও অভিনেত্রীর সঙ্গে একই রঙের পোশাক পরে দেখা গিয়েছিল রাহুলকে। আবার সহজকে নিয়ে একসঙ্গে দোলও উদযাপন করেছিলেন এই জুটি। দুজনের এক হওয়ার খবরে সিলমোহর দিয়েছিলেন রাহুলই। জানিয়েছিলেন, ডিভোর্স মামলা প্রত্যাহার করে ছেলে সহজের জন্য একসঙ্গে থাকবার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
৩০ মার্চ, ২০২৬ | ১৪:২৭

কাঁদছেন রাহুলের স্কুলের শিক্ষকেরা

বুকে পাথর চাপা দিয়েও এই সত্য স্বীকার করতে চাইছেন না রাহুলের স্কুলের শিক্ষকেরা। ঘটনা শোনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন রাহুলের স্কুলের শিক্ষকরা।
৩০ মার্চ, ২০২৬ | ১৪:২৪

রাহুলের মৃত্যুতে ভেঙে পড়েছেন শতরূপ-দীপ্সিতারা

আচ্ছা, ঠিক আছে। আসলে ঠিক নেই কিছুই। ফোন করেছিলাম, দেখতে পেলে কল ব্যাক করো! ঠিক আছে?’ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন CPIM নেত্রী দীপ্সিতা ধর। ছোট্ট প্রতিক্রিয়া, অথচ ধরা পড়েছে একরাশ অসহায়তা। সঙ্গে একটি ছবি। দীপ্সিতার সঙ্গে প্রচার গাড়িতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ছবি। আসন্ন ভোট, এ বারেও হয়তো তাঁর কাছের রাহুলদাকে ডাকতেন দীপ্সিতা। তাঁর হয়ে প্রচার করার জন্য। কিন্তু আর উপায় নেই। না ফেরার দেশে প্রিয় কমরেড। CPIM নেতা শতরূপ ঘোষ লিখেছেন, ‘এই খবরটাও শুনতে হল রাহুলদা? ... না ফেরার দেশে ভালো থেকো।’ সঙ্গের ছবিতে দেখা যাচ্ছে শতরূপ, সৌরভ পালোধিদের সঙ্গে দোল খেলায় মেতেছিলেন রাহুল। মুখ লাল আবিরে রঞ্জিত।
৩০ মার্চ, ২০২৬ | ১৪:১৯

বালি ঢুকে ফুসফুস ফুলে দ্বিগুণ

সোমবার তমলুক হাসপাতালে অভিনেতার ময়নাতদন্ত হয়। জলে ডুবেই মৃত্যু হয়েছে রাহুলের বলে প্রাথমিক তদন্তের অনুমান। দীর্ঘ সময় ডুবেছিলেন তিনি। ফলে ফুসফুসে অতিরিক্ত বালি ও জল জমে যায়। ফুসফুসে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। তবে শরীরে কোনও অ্যালকোহলের উপস্থিতি ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। ভিসেরা পরীক্ষাও হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, খাদ্যনালির ভিতরেও বালি ও নোনা জল ঢুকে গিয়েছিল। জানা গেছে, দীর্ঘ ১ ঘণ্টা জলে ডুবে ছিলেন তিনি।
৩০ মার্চ, ২০২৬ | ১৩:৫০

অভিনেতার মৃত্যুতে ঘনীভূত রহস্য

ওড়িশা–পশ্চিমবঙ্গ সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘিরে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
৩০ মার্চ, ২০২৬ | ১৩:৪৯

শুটিংয়ের জন্য পুলিশের অনুমতিই ছিল না

অভিনেতার মৃত্যুর ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তালসারি মেরিন পুলিশ স্পষ্ট জানিয়েছে, শুটিংয়ের জন্য নেওয়া হয়নি কোনও পুলিশি অনুমতি। এমনকী থানাকেও জানানো হয়নি। ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করে গা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন ডুবে মৃত্যুর ঘটনা ঘটে অভিনেতার। জানা গিয়েছে, ২৭ মার্চ থেকেই ওই সৈকতে শুটিং চলছিল।
লাইভ আপডেট শেষ

না ফেরার দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। সিনেমার শ্যুটিং গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। এত গুলো মানুষের সামনে থেকে কি ভাবে একজনের সঙ্গে এহেন ঘটনা ঘটে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

কীভাবে জলে পড়ে গেলেন রাহুল? ক্রু সদস্যদের সামনেই দুর্ঘটনা? সহ অভিনেত্রীকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি? নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আর এই তদন্তে নেমেই তাদের হাতে এসেছে দুর্ঘটনার সময়ের ভিডিয়ো ফুটেজ।

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সময় দুর্ঘটনা ঘটে। তালসারির বিচ সাইডে (Talsari Sea Side) বেশ কয়েকটি ক্যামেরা স্ট্যান্ডিং অবস্থায় ছিল। সেই ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Scroll to Top