Lakshmir Bhandar: ‘বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না’ অভিষেক
সুমিত দে, বীরভূম: বাংলায় কখনও Lakshmir Bhandar বন্ধ হবে না। বিজেপি বাংলার মহিলাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে তার যোগ্য জবাব দেওয়া হবে। বীরভূমের জনসভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, দিদি থাকলে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার কখনও বন্ধ হবে না।
এদিন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্তের মন্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। তাঁর অভিযোগ, বিজেপি নেতারা গো-বলয়ের পুরুষ-শাসিত মানসিকতা নিয়ে বাংলার মহিলাদের ঘরে বন্দি রাখতে চাইছেন। বিজেপির এই ‘ফতোয়া’র বিরুদ্ধে আগেই তৃণমূল জবাব দিয়েছে বলে জানান তিনি।
অভিষেক বলেন, “বিজেপির নেতা কালীপদ সেনগুপ্ত লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মা-বোনদের ঘরে বন্ধ করে রাখার হুমকি দিচ্ছে। কিন্তু দিদি থাকলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না।”
একই সঙ্গে বিজেপিকে ভোটে উৎখাত করার ডাক দিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে যে কটা বিজেপির ছাইপাঁশ পড়ে আছে, তাদের ঝেঁটিয়ে বিদেয় করতে হবে।” বিজেপিকে তীব্র কটাক্ষ করে অভিষেক আরও বলেন, “তৃণমূল জিতলে মানুষের দু’মুঠো ভাত জোটে, আর বিরোধীরা কুপোকাৎ হয়ে যায়। বিজেপিকে বলুন তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসতে। ১১ বছরে ওরা কী করেছে?” এমনকি বিজেপিকে মাঠের বাইরে পাঠাতে না পারলে নিজে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
এদিনের সভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “বাংলার প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে বিজেপি সরকার।
২০২১ সালে জেতার পর বাংলার জন্য সমস্ত কেন্দ্রীয় সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে।” অন্যদিকে, তৃণমূল সরকারের ১৫ বছরের উন্নয়ন কাজের বিস্তারিত ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
অভিষেকের স্পষ্ট বক্তব্য, “এই বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। কিন্তু বাংলার মানুষ তা হতে দেবে না।”












