Matangini Hazra Row: ‘বঙ্কিমদা’র পর এ বার মাতঙ্গিনী হাজরার নামে হোঁচট! কর্তব্যপথের কুচকাওয়াজে বিতর্কে সঞ্চালিকা
সুমিত দে,কলকাতা: ‘বঙ্কিমদা’ বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্ক (Matangini Hazra Row)। এবার হোঁচট খেল শহিদ মাতঙ্গিনী হাজরার নাম উচ্চারণে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে তুমুল শোরগোল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে শোনা যাচ্ছে, কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালীন বাংলার ট্যাবলো সম্পর্কে বর্ণনা দেওয়ার সময়ে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নাম উচ্চারণ করতে গিয়ে ভুল করেন সঞ্চালিকা। শহিদ মাতঙ্গিনী হাজরার নাম তাঁর মুখে হয়ে যায় ‘মান্তাগিনী হাজরা’। অবাঙালি সঞ্চালিকার মুখে বাংলার মনীষীর নামের এই অপভ্রংশ ঘিরেই নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা করে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। তিনি বলেন, “এরা কেউ ইতিহাস পড়ে না। স্বাধীনতা সংগ্রামীদের জীবনীও পড়ে না। মানুষকে বোকা বানিয়ে, মিথ্যে বলে এরা সরকারে বসেছে। পেটে যা বিদ্যে-বুদ্ধি আছে, তাই তো প্রকাশ পাবে। যা হওয়ার সেটাই হচ্ছে। এটা মাতঙ্গিনী হাজরাকে অপমান। যিনি এই উচ্চারণ করেছেন, তিনিও অশিক্ষিত নেতা-মন্ত্রীদের সঙ্গে একই ব্র্যাকেটে পড়বেন।”
ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে—জাতীয় মঞ্চে বাংলার ইতিহাস ও মনীষীদের প্রতি এই অবহেলা কি আদৌ গ্রহণযোগ্য? বিতর্কের আগুন যে আরও ছড়াবে, তা বলাই বাহুল্য।












