India News 25 April: মণিপুরে রণক্ষেত্র থেকে ট্রাম্পের H-1B ভিসা হুঙ্কার—একনজরে দেশের সেরা ১০ সংবাদ

ভারত - প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, রাত ১১:৪৫

ইম্ফলে সংঘর্ষে আহত বহু, আম আদমি পার্টিতে বড় ভাঙন ও উত্তর ভারতে তাপপ্রবাহের সতর্কতা; জানুন সব খবর বিস্তারিত

India News 25 April: মণিপুরে রণক্ষেত্র থেকে ট্রাম্পের H-1B ভিসা হুঙ্কার—একনজরে দেশের সেরা ১০ সংবাদ
ভারতের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব, সুপ্রিম কোর্টের ন্যায়বিচার এবং সহস্রাব্দের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন যা আধুনিক ভারতের প্রকৃত প্রতিচ্ছবি তুলে ধরে

India News 25 April- রাজনীতি থেকে আন্তর্জাতিক সম্পর্ক, আর আবহাওয়ার মেজাজ থেকে সামাজিক অস্থিরতা—আজকের দিনটি ছিল ঘটনাবহুল। একদিকে যখন মণিপুরে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে উত্তাল ইম্ফল, অন্যদিকে এইচ-১বি ভিসা নিয়ে ট্রাম্প শিবিরের নতুন বিল দুশ্চিন্তায় ফেলেছে ভারতীয় প্রযুক্তিবিদদের।

আইনআম আদমি পার্টিতে বড়সড় ভাঙন ধরিয়ে ৭ সাংসদ যোগ দিয়েছেন বিজেপিতে, যার পাল্টা তোপ দেগেছেন সঞ্জয় রাউত (India News 25 April)। উত্তর ভারতের আকাশ থেকে ঝরছে আগুন, প্রয়াগরাজে তাপমাত্রা ছুঁয়েছে ৪৫ ডিগ্রি। দেশ ও বিদেশের এই সবকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন

১. ট্রাম্পের কড়া পদক্ষেপ: ৩ বছর বন্ধ থাকবে H-1B ভিসা! ভারতীয়দের মার্কিন স্বপ্ন কি শেষ?

মার্কিন কংগ্রেসে নতুন বিলের জেরে বিপাকে দক্ষ ভারতীয় শ্রমিকরা

প্রবাসী ভারতীয়দের ‘আমেরিকান ড্রিম’ বড়সড় ধাক্কা খেতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান শিবিরের সাংসদদের পেশ করা একটি সাম্প্রতিক বিল এইচ-১বি (H-1B) ভিসা ব্যবস্থার আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অ্যারিজোনার কংগ্রেস সদস্য এলি ক্রেন এবং আরও সাতজন সদস্য এই ‘সুইপিং’ বিলটি পেশ করেছেন। তাঁদের দাবি, সস্তায় বিদেশি শ্রমিক নিয়োগের ফলে মার্কিন নাগরিকরা কর্মহীন হয়ে পড়ছেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী তিন বছরের জন্য নতুন ভিসা প্রদান পুরোপুরি বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে আইটি এবং প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত কয়েক লক্ষ ভারতীয়র ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।

২. অগ্নিগর্ভ মণিপুর: ইম্ফলে মুখ্যমন্ত্রী খেমচাঁদের বাসভবন অভিযানে রণক্ষেত্র, কাঁদানে গ্যাস ও সংঘর্ষ

নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত বহু

ফের অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি । শনিবার ইম্ফলে মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিংয়ের বাসভবন লক্ষ্য করে প্রতিবাদ মিছিল এগোতে থাকলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তের রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের রুখতে কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে। পালটা ইটবৃষ্টি শুরু করেন আন্দোলনকারীরা। দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

৩. আম আদমি পার্টিতে ধস: রাঘব চাড্ডা ও হরভজন সিং সহ ৭ সাংসদ বিজেপিতে!

‘বিজেপি বকাসুরের দল’, তোপ দাগলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত

অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে (AAP) বড়সড় ভাঙন। রাজ্যসভার ১০ জন সাংসদের মধ্যে রাঘব চাড্ডা, হরভজন সিং এবং স্বাতী মালিওয়াল সহ ৭ জন ঝাড়ু ছেড়ে হাতে নিয়েছে পদ্মফুল। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিবসেনা (উদ্ধব) সাংসদ সঞ্জয় রাউত বিজেপিকে ‘বকাসুর’ রাক্ষসের সঙ্গে তুলনা করেছেন। তাঁর দাবি, বিজেপি সব দল গিলে নিতে চাইছে। অন্যদিকে, হরভজন সিংয়ের বাড়ির বাইরে ‘গদ্দার’ লিখে প্রতিবাদ জানিয়েছেন ক্ষুব্ধ আপ সমর্থকরা।

৪. উত্তর ভারতে তাপপ্রবাহের সতর্কতা: প্রয়াগরাজে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াল!

দিল্লি-সহ ৫ রাজ্যে মৌসম ভবনের হলুদ সতর্কতা জারি

উত্তর ও উত্তর-পশ্চিম ভারত জুড়ে তীব্র দাবদাহ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রয়াগরাজে তাপমাত্রা পৌঁছেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লি, রাজস্থান, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশেও তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে গেছে। দিল্লির আবহাওয়া দফতর আগামী দুই থেকে তিন দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। নাগরিকদের দুপুরের দিকে ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

৫. নীতি আয়োগের দায়িত্বে অশোক লাহিড়ী: প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ

বাংলার বিজ্ঞানী গোবর্ধন দাসকেও গুরুত্বপূর্ণ পদে আনলেন মোদি

নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বিজেপির বিদায়ী বিধায়ক অশোক লাহিড়ী। দায়িত্ব নেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাঁর পাশাপাশি বাংলার বিশিষ্ট বিজ্ঞানী গোবর্ধন দাসকেও নীতি আয়োগের সদস্য করা হয়েছে। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

৬. হরমুজ প্রণালীতে জাহাজে গুলির লড়াই! ইরানে আটক ভারতীয় নাবিকের চাঞ্চল্যকর বার্তা

উদ্বেগে রাজস্থানের পরিবার, নিরাপদ স্থানে রাখার আশ্বাস জাহাজের কর্মীদের

ইরানের হাতে আটক জাহাজে থাকা ভারতীয় মার্চেন্ট নেভি অফিসার সঞ্জয় মাহার রাজস্থানে নিজের পরিবারকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছেন। তিনি জানান, জাহাজটি যখন হরমুজ প্রণালী অতিক্রম করছিল, তখন ঝাঁকে ঝাঁকে গুলি ধেয়ে আসছিল। প্রাণ বাঁচাতে তাঁরা নিরাপদ আশ্রয়ে লুকিয়ে পড়েন। সঞ্জয়ের বাবা ওমপ্রকাশ মাহার জানিয়েছেন, বর্তমানে তাঁর ছেলে সহ অন্যান্য কর্মীরা নিরাপদে রয়েছেন, তবে আতঙ্কে দিন কাটছে তাঁদের।

৭. বাবার দল থেকে বহিষ্কৃত হয়ে নতুন দল গড়লেন কে কবিতা!

তেলঙ্গানায় নয়া রাজনৈতিক সমীকরণ: আত্মপ্রকাশ করল ‘তেলঙ্গানা রাষ্ট্র সেনা’

‘তেলঙ্গানা রাষ্ট্র সেনা’ নামে নতুন দল গঠন করলেন তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (KCR) মেয়ে তথা বিআরএস নেত্রী কে কবিতা।  আজ নিজের নতুন রাজনৈতিক দল  (TRS) গঠনের ঘোষণা করেছেন। বাবার দল থেকে বহিস্কার হওয়ার পর এই পদক্ষেপ তাঁর। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে তেলঙ্গানার রাজনীতিতে এক নতুন মোড় আসতে চলেছে।

৮. মন্ত্রীদের বেতন কেটে মেটানো হবে সরকারি কর্মীদের বকেয়া! সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত

৫০ শতাংশ স্যালারি কাটছাঁটের মুখে মন্ত্রীরা, সুবিধা পাবেন পেনশনভোগীরাও

সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া টাকা মেটাতে নজিরবিহীন পদক্ষেপ নিল তেলেঙ্গানা রাজ্য সরকার। ঘোষণা করা হয়েছে যে, মন্ত্রীদের বেতনের ৫০ শতাংশ কেটে সেই অর্থ দিয়ে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের প্রাপ্য মেটানো হবে। কোষাগারের ঘাটতি মেটাতে এবং কর্মীদের ক্ষোভ প্রশমনে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৯. দ্বিতীয় দফার ভোটের আগে ফের বদল কালীঘাটের ওসি!

নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ: কলকাতার তিন থানায় নতুন মুখ

নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ফের রদবদল করল কমিশন। দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে কালীঘাট থানার ওসিতে পরিবর্তন আনা হয়েছে। কালীঘাট ছাড়াও কলকাতার আরও দুটি গুরুত্বপূর্ণ থানার অফিসার-ইন-চার্জ (OC) বদলে দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

১০. শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে উত্তাল সোপোর: ৬ জন গ্রেফতার

জম্মু-কাশ্মীরে জনরোষ নিয়ন্ত্রণে পিএসএ (PSA) ধারায় পদক্ষেপ পুলিশের

এক স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় জম্মু-কাশ্মীরের সোপোর। গত ১৩ এপ্রিলের ঘটনার প্রতিবাদে শনিবার ব্যাপক ভাঙচুর ও পাথর বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উস্কানি দেওয়ার অভিযোগে ৬ জনকে পাবলিক সেফটি অ্যাক্ট (PSA) এর অধীনে আটক করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও এখনও অধরা তিনি। তথ্য: এনডিটিভি, পিটিআই, এএনআই 

Scroll to Top