SIR: নাম বিভ্রাটে বৈধ ভোটারের হয়রানি, বিষয়টি তুলে ধরায় বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ Chief Justice- এর

ভারত - প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:১৩
IMG 20260204 WA0010

সুমিত দে, নয়াদিল্লি: বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি হল দেশের সর্বোচ্চ আদালতে। বুধবার এই মামলার শুনানি নেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। শুনানিতে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেই এদিন সওয়াল করেন।

শুনানিকালীন প্রধান বিচারপতি বলেন, বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার জেরে বহু বৈধ ভোটার নাম বিভ্রাটের কারণে হয়রানির শিকার হচ্ছেন—এই বিষয়টি আদালতের সামনে তুলে ধরার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। প্রধান বিচারপতির কথায়, স্থানীয় ভাষা, নামের বানান ও প্রযুক্তিগত ব্যবহারের কারণে সাধারণ মানুষের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রেও বিভ্রান্তি বাড়ছে। আদালত এই সমস্যা সমাধানের উপায় খুঁজবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিন সওয়াল করতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই প্রক্রিয়া কার্যত নাম বাদ দেওয়ার যন্ত্রে পরিণত হয়েছে। বিভ্রান্তি শুধু নামের বানানে নয়, পদবিতেও হচ্ছে। গোটা ব্যবস্থাই অপরিকল্পিত বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, কোনও মহিলা বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে স্বামীর পদবি ব্যবহার করছেন—সেখানেও নাম নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন, “এভাবে চলতে পারে না।”

আদালতে আরও অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, ভারতের নির্বাচন কমিশন তাঁর একাধিক অনুরোধ সম্পূর্ণ উপেক্ষা করেছে। তাঁর বক্তব্য, “আমি ছ’বার নির্বাচন কমিশনকে চিঠি লিখেছি। কিন্তু আজ পর্যন্ত কোনও উত্তর পাইনি। শেষ পর্যন্ত আমরা কোথাও ন্যায়বিচার পাচ্ছি না।”

বেঞ্চ মুখ্যমন্ত্রীর বক্তব্যকে যৌক্তিক বলে স্বীকার করে নেয় এবং জানায়, প্রতিটি সমস্যারই সমাধান সম্ভব। এই মামলার ভিত্তিতে আদালত নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Scroll to Top